বাংলার আকাশ থেকে আরেক নক্ষত্র খসে পড়লেন!

আমি ষষ্ঠ শ্রেণিতে প্রথম যখন গণিত অলিম্পিয়াডে অংশ নিই, তখন থেকেই জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী স্যারকে চিনি। স্যার ফেনী অঞ্চলের গণিত অলিম্পিয়াডে এসেছিলেন। তখন তিনি গণিত অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি ছিলেন।
গণিত অলিম্পিয়াডের দুটো পর্ব রয়েছে। একটা হলো হাতেকলমে পরীক্ষা পর্ব, অন্যটা পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব। আমরা উৎসুক শিক্ষার্থীরা পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে অপেক্ষা করছিলাম, ‘কখন আসবেন স্যার’?
প্রশ্নোত্তর পর্ব শুরুর পাঁচ মিনিটের মধ্যে স্যারের আগমন। আমরা পার্টিসিপেন্ট সবাই করতালি দিয়ে স্যারকে অভ্যর্থনা জানালাম। স্যার মঞ্চে উঠে সবাইকে চমকে দিয়ে প্রথমেই বলে উঠলেন, ‘বাবারা, তোমরা কি জানো তোমাদের আশপাশে আজ এখানে বেশ কয়েকজন আইনস্টাইন বসে আছে?’
স্যারের এই একটি মাত্র কথায় ওই দিনের ফেনী গার্লসের গণিত অলিম্পিয়াড মঞ্চ থেকে শুরু করে স্কুলের ভেতরের জীব ও জড় পদার্থ সবই কয়েক সেকেন্ডের জন্য পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল।
শুরু হলো স্যারের দিকে প্রশ্ন ছোড়ার পালা। কৌতূহলী শিক্ষার্থীদের এক এক প্রশ্নের জবাব স্যার খুব স্বাভাবিকভাবেই দিয়ে যাচ্ছেন।
ওই দিন স্যারকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম।
একজন মানুষ যে চাইলে বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারেন, তা স্যারকে দেখে প্রত্যক্ষ করলাম।
গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওপারে ভালো থাকবেন স্যার।
লেখক: শিক্ষার্থী: ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়