বাংলার মাটিতে মিশে গেলেন অজয় রায়

রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পর্যায়ের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় সমাহিত হলেন বর্ষীয়ান রাজনীতিক অজয় রায়। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ গতকাল বুধবার বিকেলে তাঁর নিজ গ্রাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দীপুরে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়। অজয় রায় চেয়েছিলেন মৃত্যুর পর তিনি বাংলার মাটির সঙ্গে মিশে থাকবেন।
এর আগে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হলে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পর্যায়ের মানুষ। গত সোমবার ভোরে মারা যান দেশের প্রগতিশীল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক আন্দোলনের অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় (৮৮)।
পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ গতকাল সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অজয় রায়ের স্ত্রী জয়ন্তী রায়, ছেলে অমিতাভ রায়, মেয়ে অনিন্দিতা রায় উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় কিশোরগঞ্জের কটিয়াদীতে। বিকেল সোয়া চারটার দিকে মরদেহবাহী গাড়িটি কটিয়াদীর তাঁর পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত আনন্দ কিশোর উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এসে পৌঁছায়। সেখানে আওয়ামী লীগ, সিপিবি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মণি সিংহ ট্রাস্ট, কমিউনিস্ট কেন্দ্র, কটিয়াদী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সম্মিলিত সামাজিক আন্দোলন, বনগ্রাম ইউনিয়ন পরিষদ, আনন্দ কিশোর উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।
অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার প্রথম আলোকে বলেন, অজয় রায়ের স্মরণে ২৫ অক্টোবর বেলা ৩টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।