বাংলাদেশের মানুষ চান, শুধু চান না খালেদা: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সারা বাংলাদেশের মানুষ চান, শুধু চান না বেগম খালেদা জিয়া। তাই তিনি হরতাল অবরোধের নামে মানুষ খুন ও মানুষ পুড়িয়ে মারার মতো কাজ করে চলেছেন। গরু-ছাগল কিছুই রেহাই পাচ্ছে না ওনার কাছ থেকে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জিটি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সারা বাংলাদেশে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, প্রত্যেক ভোটারের কাছে আমার আবেদন, ভোটকেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যত প্রতিকূলতা আসুক না কেন, প্রত্যেকে সাহস করে ভোটকেন্দ্রে যাবেন।’ বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দেবেন, আওয়ামী লীগের প্রার্থীদের জয়যুক্ত করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীবার সরকার গঠন করতে পারলে প্রত্যেক উপজেলা ও জেলায় একটি করে কেন্দ্রীয় মসজিদ তৈরি করা হবে। হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধদের জন্য কল্যাণ ট্রাস্ট ফান্ড করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট ফান্ড গঠন করে সেখানেও টাকা দিয়েছি, যাতে কোনো ইমাম মুয়াজ্জিন বৃদ্ধ হয়ে গেলে অসুস্থ হলে সেখান থেকে টাকা পেতে পারে। প্রত্যেক ধর্মের মানুষের জন্য আমাদের সরকার কাজ করেছে। এই মাটিতে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আমরা সেই ব্যবস্থা করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির নেত্রী কথায় কথায় হুমকি দেন, আন্দোলন দেন আর আলটিমেটাম দেন। ওনার এক আলটিমেটাম আসে সেখান থেকে আরেক আলটিমেটামে যায়। ওনার আলটিমেটামেরও শেষ নাই, হুমকি-ধমকিরও শেষ নাই। আমরা চেয়েছিলাম, পার্লামেন্টে যারা সাংসদ, তাঁরা বসে আলাপ আলোচনা করতে। যখনই বিরোধীদলীয় নেত্রীকে আলোচনার কথা বলি, তখনই উনি আমাকে আলটিমেটাম দেন। ৪৮ ঘণ্টার মধ্যে দেশছাড়া করবেন, ক্ষমতাছাড়া করবেন, সেই হুমকি দেন। আমি জানি ওনার অবস্থা। কেন উনি এ রকম করেন। ২০০৪ সালের ২১ আগস্ট উনি আমাকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করেছিলেন। ওনার বোধ হয় সেই রাগ, আল্লাহ কেন আমাকে বাঁচাল। সেই জন্য কথায় কথায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। আমার এই মাটিতে জন্ম, এখানেই আমার মৃত্যু হবে। উনি নির্বাচনে আসতে চান না। কারণ, জামায়াতে ইসলামীকে উনি ছাড়তে পারবেন না।’

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হালিম শেখের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আবুল হাসনাত আবদুল্লাহ, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, শেখ কবীর হোসেন, শেখ হেলাল উদ্দিন, বি এম মোজাম্মেল হোসেন, মাহবুব আলী খান প্রমুখ বক্তব্য দেন। 

প্রধানমন্ত্রী বিকেল সাড়ে চারটার দিকে সড়কপথে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। জনসভায় বক্তব্য দেওয়ার পরে তিনি বঙ্গবন্ধুর সামাধিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। বিশেষ মোনাজাত করেন। শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়ায় থাকবেন। কাল শুক্রবার নিজ নির্বাচনী এলাকার অপর উপজেলা কোটালীপাড়ার জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।