তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, আকাশ সংস্কৃতির আগ্রাসন মোকাবিলা করে বাংলার লোকসংস্কৃতি মাথা উঁচু করে টিকে থাকবে। ঘাত-প্রতিঘাত এলেও এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই।গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের ডিসি হিলে স্থানীয় সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত দুই দিনব্যাপী লোক উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এ কথা বলেন।বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘আমাদের শেকড়ের এ সংস্কৃতি স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে টিকে থাকবে। এর জন্য বেশি তথ্য-তত্ত্ব ও মেধা-মননের আরোপিত চর্চার কোনো প্রয়োজন নেই।’অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। উত্সব উদ্যাপন কমিটির চেয়ারম্যান কাজী মাহমুদ ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন উত্সব উদ্যাপন কমিটির আহ্বায়ক দেবাশীষ রায়, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ সাইফুদ্দিন, শিহাব চৌধুরী ও সুমন চৌধুরী। উত্সব উপলক্ষে চট্টগ্রাম শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।অনুষ্ঠানে আবুল মোমেন বলেন, ‘সংস্কৃতি জীবন থেকেই উঠে আসে। সেটি স্বচ্ছন্দতা হারিয়ে ফেললে এর অস্তিত্ব হুমকির মুখে পড়বে, নিজেদের শেকড়ের সৃজন ব্যাহত হবে। লোকজীবনের ধারাটি রক্ষা করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’অনুষ্ঠানে লোকসংস্কৃতি রক্ষায় দেশের প্রতিটি বিভাগে একটি করে ফোকলোর সোসাইটি প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ফোকলোর বিভাগ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ ছাড়া দেশের আদিবাসীদের মাতৃভাষাগুলোর স্বীকৃতি ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক সংরক্ষণের দাবি জানানো হয়।