বাংলার শিক্ষক দিয়ে ইংরেজির পাঠ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তিনটি বিষয়ের শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি বিষয়ের শিক্ষক নেই দীর্ঘ চার বছর ধরে। এ ছাড়া দীর্ঘ ছয় বছর ধরে হিসাববিজ্ঞানের এবং দীর্ঘ আট বছর ধরে ভূগোল বিষয়ের শিক্ষক নেই।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে ৩৮৭ জন শিক্ষার্থী রয়েছে। এখানে ইংরেজি বিষয়ের শিক্ষকের দুটি পদ আছে। ২০১৩ সালের প্রথম দিকে একমাত্র শিক্ষক চলে যাওয়ায় দুটি পদই শূন্য হয়। এরপর থেকে বাংলা বিষয়ের শিক্ষক মো. আবু হানিফকে দিয়ে ইংরেজি বিষয়ের পাঠদান করানো হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ইংরেজি ছাড়াও হিসাববিজ্ঞান ও ভূগোল বিষয়ে একজন করে শিক্ষকের পদ রয়েছে। বর্তমানে প্রতিটি পদই শূন্য।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় তাঁদের ভালোভাবে পড়াশোনা হচ্ছে না। এতে তাদের অনেক ক্ষতি হচ্ছে। ব্যবসায় শিক্ষা বিভাগেরও একই অবস্থা। ২০১৪ সালের প্রথম দিকে হিসাববিজ্ঞানের পদটিও শূন্য হয়। তা ছাড়া গার্হস্থ্য অর্থনীতি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় এসব বিষয়েও শিক্ষার্থীরাও সঠিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
প্রধান শিক্ষক রনেন্দ্রনাথ রায় বলেন, ‘বিদ্যালয়টিতে ইংরেজিসহ তিনটি বিষয়ের পদ শূন্য রয়েছে। বাংলা বিষয়ের শিক্ষক দিয়ে ইংরেজি, খণ্ডকালীন শিক্ষক দিয়ে হিসাববিজ্ঞানের পাঠদান চালিয়ে যাচ্ছি। শূন্যপদের তালিকা চাওয়া হলে মাঝে মাঝে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক কুমিল্লা ও মহাপরিচালক ঢাকায় লিখিতভাবে তালিকা দিচ্ছি।’