বাংলার ১১ বাঘ উড়ল সৈকতের আকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশ পুড়ছে ক্রিকেট-জ্বরে। তা থেকে ঘুড়ি উৎসব মুক্ত থাকবে, তা কি হয়! তাই বাংলার ১১ ক্রিকেট-শার্দূল ঘুড়ি হয়ে কাল উড়লেন সৈকতের আকাশে।গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় কক্সবাজারের ইনানী সৈকতে বাঘের চেহারার ১১টি ঘুড়ি এক এক করে উড়াল দিল আকাশে। তাদের সঙ্গে উড়ে বেড়ায় জাতীয় পতাকা, হাঙর, ডলফিন, লবস্টার, জেলিফিশ, শামুক, অজগর, প্রজাপতি, সূর্যমুখী, ময়ূর, এমনকি মৎস্যকন্যাসহ অনেক কিছু। অংশগ্রহণকারীরা ছাড়াও উপস্থিত বিপুলসংখ্যক পর্যটক তা দেখে মুগ্ধ হন। কক্সবাজার শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উখিয়ার পাথুরে সৈকত নামে পরিচিত ইনানীতে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী এই ঘুড়ি উৎসবের আয়োজন করে ঢাকার চারুশিল্পীদের সংগঠন ‘ছবির হাট’। এটি তাদের সপ্তম আয়োজন। এবারের উৎসবটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ১১ খেলোয়াড়কে উৎসর্গ করা হয়েছে। এ কারণেই ১১ খেলোয়াড়কে বাঘ-ঘুড়ি বানিয়ে আকাশে ওড়ানো।বিশাল জাতীয় পতাকা ধরে দেশাত্মবোধক গান গাইতে গাইতে ‘ঘুড়িয়ালরা’ সৈকতে নামেন।ছবির হাটের সদস্য কার্টুনিস্ট বিপুল শাহ বলেন, ‘অনেক কিছুর মতো ঘুড়ির ঐতিহ্যও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে শিশুদের মুক্ত মনে উড়ে বেড়ানোর স্বপ্নটাও। চাই শিশুর স্বপ্ন বিকাশের পরিবেশ। এই উদ্দেশ্য বাস্তবায়নেই এই প্রতীকী ঘুড়ি উৎসব।’সুন্দরবনের বাঘের আদলের ঘুড়ি ওড়াচ্ছিল ঢাকা গভর্নমেন্ট হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র রোদ্দুর। তার পরনে সাকিব আল হাসানের নাম লেখা বিশ্বকাপ ক্রিকেটের টি-শার্ট। তার পাশেই আরেকটি বাঘ-ঘুড়ি হাতে আট বছরের সুপ্রভ।ঘুড়িয়ালদের মধ্যে ছিলেন বিদেশিরাও। ডেনমার্কের শিল্পী স্টিফেন কার্লসন তৈরি করেন শামুক-ঘুড়ি। স্টিফেন জানান, বিশ্বের দীর্ঘতম এই প্রাকৃতিক সৈকতে ঘুড়ি ওড়াতে দারুণ লাগছে তাঁর।ছবির হাটের আরেক সদস্য মেসবাহ য়াজাদ জানান, উৎসবের আগে ঢাকায় ছবির হাট কার্যালয়ে ঘুড়িয়ালদের প্রশিক্ষণ হয়। সেখানে তৈরি নানা ধরনের শতাধিক ঘুড়ি এই সৈকতে ওড়ানো হয়েছে।ঢাকা থেকে বেড়াতে আসা আসিফ ইকবাল ও আলমগীর হোসেন ঘুড়ি ওড়াচ্ছিলেন। দুজনেই বেশ খুশি। আলমগীর বললেন, ‘একা একা ঘুড়ি ওড়ানোর চাইতে মিলেমিশে ওড়ানোর মধ্যে মজা অনেক। আর এই মজার জন্যই ঢাকা থেকে এখানে ছুটে আসা।’আজ শুক্রবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের ঘুড়ি ওড়ানো শুরু হবে।