বাংলালিংকের সঙ্গে জেমস ও হামিনের সমঝোতা, মামলা প্রত্যাহার
অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে মুঠোফোন অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে করা মামলায় সমঝোতা হয়েছে। আদালত মামলার বাদীপক্ষ নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদের জবানবন্দি রেকর্ড করে মামলা খারিজের আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, মামলার বাদীপক্ষ নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ আজ বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে বলেছেন, বাংলালিংকের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তাই বাংলালিংকের বিরুদ্ধে যে মামলা তাঁরা করেছিলেন, তা আর চালাতে ইচ্ছুক নন। আদালত দুজনের জবানবন্দি রেকর্ড করে মামলা খারিজের আদেশ দেন। আদালতে বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত বছরের ১০ নভেম্বর অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেন জেমস ও হামিন। তাঁদের করা মামলা আমলে নিয়ে আদালত বাংলালিংকের কর্মকর্তাদের হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছিলেন।
মামলায় অনুমতি ছাড়া নগরবাউল জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনেন বাংলালিংকের বিরুদ্ধে। আর ব্যান্ড দল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনা হয় বাংলালিংকের বিরুদ্ধে।
বাদীপক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস তখন জানিয়েছিলেন, অনুমতি ছাড়া জেমস ও মাইলসের আটটি গান রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে দীর্ঘদিন ব্যবহার করে আসছিল বাংলালিংক। এসব গান জেমস ও মাইলসের নামে আলাদাভাবে কপিরাইট আইনে নিবন্ধন করা। এগুলো ব্যবহার করতে নিষেধ করা হলেও সেটি আমলে নেয়নি বাংলালিংক। পরে আইনি নোটিশও পাঠানো হয়। থানায় মামলা করতে গেলেও মামলা না নেওয়ায় আদালতে হাজির হয়ে জেমস এবং হামিন আহমেদ কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেন।