বাংলায় ইতিহাসচর্চা কমছে রাষ্ট্রীয় অবহেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় অবহেলায় বাংলা ভাষায় ইতিহাসচর্চা কমে যাচ্ছে। ফলে দেশের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে না। শিক্ষা মন্ত্রণালয়ের এ ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখার কথা থাকলেও তারা তা করছে না। সময়মতো পাঠ্যপুস্তক পৌঁছানোকেই সবচেয়ে বড় সফলতা হিসেবে দেখছে।
গতকাল সোমবার বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর ‘বাংলা ভাষায় ইতিহাসচর্চা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনায় প্রাথমিক-মাধ্যমিক-কারিগরিসহ শিক্ষার সর্বস্তরে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস অবশ্যপাঠ্য করারও দাবি জানান ইতিহাসবিদেরা।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় আমাদের দেশ থেকে ইতিহাস শিক্ষাকে উঠিয়ে দিতে সব আয়োজন করছে। যে দেশে শিক্ষকের বেতন একজন দারোয়ানের চেয়ে কম, সেখানে দারোয়ানি শিক্ষাই পাওয়া যাবে।’
মুনতাসীর মামুন আরও বলেন, দেশের ১০০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টিতে মাত্র ইতিহাস বিভাগ রয়েছে। ইতিহাসকে অবহেলা করলে আত্মমর্যাদা নিয়ে কোনো জাতি দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেন এই ইতিহাসবিদ।
দৈনিক আমাদের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন বলেন, ‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আমরা প্রশংসা করি। কারণ, তিনি সময়মতো শিক্ষার্থীদের কাছে পাঠ্যবই পৌঁছে দিচ্ছেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের চেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলো হয়ে গেছে সার্টিফিকেট বিক্রির স্থান।’
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, স্বাধীন বাংলাদেশে বাংলার এমনই হাল হয়েছে যে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য উচ্চ আদালতকে রায় দিতে হচ্ছে। তিনি বাংলা একাডেমির আদলে দেশে একটি ইতিহাস একাডেমি গঠন করে সেখানে ইতিহাসের বইগুলো ইংরেজি থেকে বাংলা করা এবং বাংলা বইগুলো ইংরেজি অনুবাদ করার দাবি জানান।
সভায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সুস্নাত দাশ উনিশ শতক থেকে স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে বাংলা ভাষায় ইতিহাসচর্চার ধারাবাহিকতা তুলে ধরেন।