‘অজ্ঞতার অন্ধকারে বন্দী স্বপ্ন, তাকে দিতে হবে নাড়া’—এই স্লোগান সামনে রেখে গত শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মিলনায়তনে তিন দিনের ‘প্রথম আলো-নগর ডিজাইন কুয়েট ডিবেটিং সোসাইটি (কেডিএস) দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০১১’ শেষ হয়েছে। প্রতিযোগিতার বাংলা শাখায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইংরেজি শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চ্যাম্পিয়ন হয়।কেডিএসের আয়োজনে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন বিতার্কিক ৩৬টি দলে (২৮টি বাংলা ও আটটি ইংরেজি) ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। বাংলায় ইউআইইউয়ের দলনেতা রিয়াদ এবং ইংরেজিতে আইবিএর দলনেতা গাওছ মোহাম্মদ শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন।বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেডিএসের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলমগীর। কেডিএসের মডারেটর মো. হেলাল-আন-নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিতর্ক উৎসবের স্পন্সর নগর ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল খায়ের সেলিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক শিবেন্দ্র শিকদার, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসভাপতি আবদুল্লাহ মো. শুকরানা, কেডিএসের সভাপতি শারমিন সুলতানা, সাধারণ সম্পাদক অনিক মল্লিক, বিতর্ক প্রতিযোগিতার সদস্য সচিব সাফায়েত উল ওহাব চৌধুরী প্রমুখ।প্রথম আলো, নগর ডিজাইন ডেভেলপমেন্ট লিমিটেড, ব্র্যাক ব্যাংক, উদ্ভাস, দারুচিনি রেস্টুরেন্ট ও প্রইমেক্স সিস্টেমসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই বিতর্ক উৎসবের মিডিয়া পার্টনার ছিল প্রথম আলো, দেশ টিভি ও রেডিও ফুর্তি।