বাংলায় সাইনবোর্ড নিশ্চিত করা যাচ্ছে না কিছুতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়নগর এলাকার প্রায় সব দোকানের  সাইনবোর্ডই ইংরে​জিতে লেখা l প্রথম আলো
বিজয়নগর এলাকার প্রায় সব দোকানের সাইনবোর্ডই ইংরে​জিতে লেখা l প্রথম আলো

উচ্চ আদালতের নির্দেশের প্রায় তিন বছর পরও সাইনবোর্ড ও বিলবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করা যায়নি। সরকারের তরফ থেকে এ বিষয়ে শুধু আদেশ বা চিঠি দিয়েই দায়িত্ব শেষ করা হয়। সেই আদেশ বাস্তবায়িত হচ্ছে কি না, কিংবা চিঠির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তার তদারকি নেই।
তবে সরকার মনে করছে, এ বিষয়ে যথেষ্ট তদারকি রয়েছে। অনেক ক্ষেত্রে সাফল্যও আছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইংরেজি শব্দে ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রাখার প্রবণতা বেশি। এ ছাড়া ইংরেজিতে (রোমান হরফ) লেখা সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলকের ছড়াছড়ি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ইংরেজিমাধ্যমের স্কুল, দোকানপাট, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের বেশির ভাগ সাইনবোর্ড ইংরেজিতে লেখা। তবে সরকারি দপ্তরের সাইনবোর্ড বা নামফলক বেশির ভাগ ক্ষেত্রে বাংলায় রূপান্তর হয়ে গেছে। এ ছাড়া যানবাহনের ডিজিটাল নম্বরপ্লেটগুলো বাংলায় সরবরাহ হওয়ার কারণে এ ক্ষেত্রে আদালতের নির্দেশ অনেকটাই বাস্তবায়ন করা গেছে।
২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেট, সরকারি দপ্তরের নামফলক এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেন।
সংবিধানের ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এ ছাড়া বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩ ধারায়ও সরকারি অফিস, আদালত, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং অন্তত ৫০টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই জানেন না আদালতের এ রকম আদেশের কথা। কেউ কেউ বলছেন, তাঁদের ব্র্যান্ডের নাম ও লোগো ইংরেজিতে হওয়ার কারণে তাঁরা ইংরেজিতেই সাইনবোর্ড তৈরি করেছেন। অথচ ট্রেড লাইসেন্স (ব্যবসা করার অনুমতি) নেওয়ার সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে সাইনবোর্ডে বাংলা ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত একটি সিল দিয়ে ট্রেড লাইসেন্সে লেখা থাকে, ‘সাইনবোর্ড/ব্যানার বাংলায় লিখতে হবে’।
কিন্তু লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠানগুলো বাংলায় সাইনবোর্ড লিখছে কি না, দেখার দায়িত্ব কার—এর জবাবে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন আঞ্চলিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটি দেখার দায়িত্ব নগর কর্তৃপক্ষের হলেও প্রতিটি এলাকায় গিয়ে জনে জনে সাইনবোর্ড তদারক করা কঠিন। এ বিষয়ে নাগরিক সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

.
.

সাইনবোর্ড ও বিলবোর্ডে বাংলা ব্যবহারের যে নির্দেশ হাইকোর্ট জারি করেছিলেন, তাতে এক মাসের মধ্যে নির্দেশ বাস্তবায়ন এবং বাস্তবায়নের অগ্রগতি জানাতে মন্ত্রিপরিষদ, আইন, স্বরাষ্ট্র, সংস্কৃতি, তথ্য ও শিক্ষাসচিবকে বলা হয়।
আদালতের আদেশের তিন মাস পর ২০১৪ সালের ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডগুলোকে আদেশটি কার্যকর করতে বলে। কিন্তু তা না হওয়ায় ২০১৫ সালের ১৮ আগস্ট আদালত কড়া ভাষায় মন্তব্য করেন, বাংলা ব্যবহারে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। পরে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেটে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইংরেজির স্থলে বাংলায় প্রতিস্থাপিত হয়েছে বলে দেখা যায় না। এটা বাংলা ভাষা প্রচলন আইন, হাইকোর্টের রুল ও আদেশের পরিপন্থী।
ডিএনসিসির মেয়র আনিসুল হক দাবি করেন, তাঁর আওতাধীন এলাকায় ইংরেজিতে সাইনবোর্ড ১ শতাংশের বেশি নেই। তিনি বলেন, সাইনবোর্ড বাংলায় না ইংরেজিতে আছে, সেটা দেখে ব্যবস্থা নেওয়ার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাতে সময় দিলে মানুষের উপকার হবে।
উত্তরের মেয়র ১ শতাংশ সাইনবোর্ড ইংরেজিতে থাকার দাবি করলেও মোহাম্মদপুরের রিং রোডে গত বুধবার গিয়ে দেখা যায়, ১০টি ভবনের ৪৫টি সাইনবোর্ডের মধ্যে ৬টি বাংলায়। বাকিগুলোর মধ্যে দুটিতে বাংলা ও ইংরেজি একসঙ্গে লেখা। আর অন্য সব সাইনবোর্ডই ইংরেজিতে। গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকার খুব কাছাকাছি উত্তরের নগর ভবন। গোলচত্বরের রব সুপার মার্কেটে দেখা গেল, সেখানে মোট ১৯টি সাইনবোর্ড ও তিনটি ব্যানার রয়েছে। এর মধ্যে বাংলায় সাইনবোর্ড মাত্র একটি। দুটি ব্যানার। চারটিতে আছে বাংলা ও ইংরেজি মেশানো। অন্য সব সাইনবোর্ডই ইংরেজিতে। পাশে তাহের টাওয়ার শপিং কমপ্লেক্সের ২৪টি সাইনবোর্ডের মধ্যে ১৮টিই ইংরেজিতে। অন্যান্য এলাকায়ও প্রায় একই চিত্র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশের পর ডিএসসিসির সব দপ্তরেই বাংলার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। বাণিজ্যিক সাইনবোর্ড ও ব্যানারে যদি ইংরেজি থাকে, তাহলে নজরে আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি এলাকার নিউ ইস্কাটন রোডে দেখা যায়, ১০টি বাণিজ্যিক ভবনের ৩২টি সাইনবোর্ডের মধ্যে ১৩টি বাংলায়, অন্যগুলো ইংরেজিতে। বিভিন্ন এলাকায় ইংরেজি লেখা সাইনবোর্ডের সংখ্যা অনেক। তবে পুরান ঢাকার জনসন রোডে ব্যতিক্রম। জেলা পরিষদ কার্যালয়ের আশপাশে ২০টি সাইনবোর্ডের মধ্যে মাত্র তিনটি ইংরেজিতে লেখা।
সিলেট সিটি করপোরেশনের মেয়রের অনুপস্থিতিতে তাঁর কার্যক্রমগুলো দেখাশোনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তিনি বলেন, ‘আমরা ট্রেড লাইসেন্স দেওয়ার সময়ই শর্ত হিসেবে বাংলায় সাইনবোর্ড বা বিলবোর্ড ব্যবহারের কথা বলে দিই। তারপরও যাঁরা বিষয়টি মানছেন না, সে বিষয়ে নজরদারি বাড়াব, ব্যবস্থা নেব।’
যে রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন, সেই রিটের আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ অভিযোগ করেন, আদালতের আদেশ বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। তারা কেবল চিঠি দিয়েই দায়িত্ব শেষ করে। আর আদালতে সেসব ব্যবস্থা সম্পর্কে বক্তব্য উপস্থাপন করে। তিনি প্রথম আলোকে বলেন, রিট আবেদনটি এখন পর্যন্ত নিষ্পত্তি না হলেও হাইকোর্টের আদেশটি বহাল রয়েছে। রিটের শুনানিতে সরকারপক্ষের অসহযোগিতার কারণেই দীর্ঘ সময় ধরে রিট আবেদনটির নিষ্পত্তি হয়নি।

সব সাইনবোর্ড বাংলায় লিখতে হবে—আদালতের তিন বছরের পুরোনো আদেশ। কিন্তু রাজধানীর যেকোনো সড়কে গেলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডে ইংরেজির দৌরাত্ম্য চোখে পড়ে। ছবিটি নগরীর গুলশান ১ নম্বর গোলচত্বর এলাকা থেকে গত মঙ্গলবার তোলা l হাসান রাজা
সব সাইনবোর্ড বাংলায় লিখতে হবে—আদালতের তিন বছরের পুরোনো আদেশ। কিন্তু রাজধানীর যেকোনো সড়কে গেলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডে ইংরেজির দৌরাত্ম্য চোখে পড়ে। ছবিটি নগরীর গুলশান ১ নম্বর গোলচত্বর এলাকা থেকে গত মঙ্গলবার তোলা l হাসান রাজা

তবে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘রিট আবেদন শুনানির উদ্যোগ নেওয়ার দায়িত্ব রিটকারীর। শুনানির তারিখ পড়লেই সরকারপক্ষ শুনানিতে হাজির থাকে।’
সাইনবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার অভাবের অভিযোগ অস্বীকার করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি প্রথম আলোকে বলেন, সবকিছুই আইন করে করা যায় না। মানসিকতা ও নাগরিক সচেতনতা জরুরি। মন্ত্রী বলেন, বাঙালি বাঙালিয়ানা নিয়ে গর্ব করে। কিন্তু কিছু কিছু জায়গায় কেন জানি অন্য রকম আচরণ। এ ক্ষেত্রে ভাষার প্রতি আমাদের ভালোবাসার দিকটার উপলব্ধি ও প্রকাশটাই জরুরি।
মন্ত্রী আরও বলেন, ‘বইমেলার পর বাংলা একাডেমিকে নিয়ে বসব। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের বিষয়টা দেখার দায়িত্ব বাংলা একাডেমির।’ তিনি বলেন, ‘আজকের বিশ্বায়নের যুগে আমরা ইংরেজি শিখব, বিদেশি ভাষা শিখব, তাতে দোষের কিছু নেই। কিন্তু নিজের ভাষাকে ভুলে নয়।’
ডিজিটাল নম্বরপ্লেট
হাইকোর্টের আদেশ সবচেয়ে বেশি পালিত হয়েছে যানবাহনের নম্বরপ্লেটের ক্ষেত্রে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুসারে, ২০১৬ সাল পর্যন্ত দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২৮ লাখ ৭৯ হাজার। এর মধ্যে চালু রয়েছে ১৭ থেকে ১৮ লাখ। হাইকোর্টের ওই আদেশের আগেই ২০১২ সালের ৩১ অক্টোবর থেকে চালু করা হয় রেট্রো-রিফ্লেকটিং নম্বরপ্লেট তথা ডিজিটাল নম্বরপ্লেট। বিআরটিএর আইন অনুযায়ী প্রতিটি গাড়িতে ডিজিটাল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক। আর বিআরটিএ থেকে সরবরাহ করা ডিজিটাল নম্বরপ্লেট বাংলাতেই। জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১২ লাখ গাড়িতে ডিজিটাল নম্বরপ্লেট লাগানো হয়েছে। বাকি ৫ থেকে ৬ লাখ গাড়ির ব্যবহারকারীর মধ্যে, বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির মালিকেরা ইংরেজি নম্বরপ্লেট ব্যবহার করেন।
এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, বিআরটিএর আইন অনুসারে কেউই ইংরেজি নম্বরপ্লেট ব্যবহার করতে পারবেন না। যাঁরা ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। পাশাপাশি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতও ব্যবস্থা নেন।