বাইক্কা বিলে অবৈধ খামারের বাঁধ কাটল স্থানীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরের বাইক্কা বিল এলাকায় সরকারি খাসজমিতে অবৈধভাবে গড়ে তোলা মৎস্য খামারগুলোর বাঁধ কেটে দিয়েছে স্থানীয় লোকজন।
গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ দল বেঁধে খামারগুলোর বাঁধ কেটে দেয়। ওই মৎস্য খামারগুলোর কারণে স্থানীয় জনসাধারণ হাওরে নৌকা নিয়ে চলাচল করতে পারত না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার কালাপুর, মীর্জাপুর ও মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কয়েক হাজার মানুষ হাইল হাওরের বাইক্কা বিল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১৫ থেকে ১৬টি মৎস্য খামারের বাঁধ কেটে দেয়।
অভিযোগ রয়েছে, বেশ কিছুদিন ধরে বাইক্কা বিল এলাকার খাসজমি ও এলাকার ভূমিহীনদের নামে বরাদ্দ করা জমি দখল করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে মৎস্য খামার গড়ে তোলেন। মৎস্য খামারের কারণে স্থানীয় কৃষকেরা গবাদি পশু নিয়ে ফসলের মাঠে যাতায়াত করতে এবং বর্ষাকালে নৌকা নিয়ে হাওরে যেতে পারতেন না। এ কারণে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
এসব মৎস্য খামার উচ্ছেদের দাবিতে স্থানীয় জনসাধারণ অনেক দিন ধরে এলাকায় মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন ধরনের কর্মসূচিও পালন করেছে। এতে কাজ না হওয়ায় গতকাল তারা খামারগুলোর বাঁধ কেটে দেয়।
প্রত্যক্ষদর্শী বাইক্কা বিল এলাকার বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি আবদুস সোবহান চৌধুরী বলেন, ‘দু-তিন হাজার মানুষ আজ (গতকাল মঙ্গলবার) সরকারি জায়গা দখল করে বানানো ১৫-১৬টি ফিশারির বাঁধ কেটে পানির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কালাপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে মানুষ এসেছে।
এ ছাড়া মীর্জাপুর ও গিয়াসনগর ইউনিয়ন থেকেও প্রচুর লোক এসেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘কয়েক হাজার মানুষ অবৈধ ফিশারির আইল (বাঁধ) কেটে দিয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।’