বাইক্কা বিলে কৃত্রিম বাসায় বালিহাঁসের ছানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিলে কাঠের তৈরি কৃত্রিম বাসায় বালিহাঁস ডিম থেকে ছানা ফুটিয়েছে। কাঠের কৃত্রিম বাসায় ডিম থেকে ছানা ফোটার ঘটনাটি গতকাল সোমবার আইপ্যাক প্রকল্পের পর্যবেক্ষণ দলের নজরে এসেছে।দেশি জলচর পাখি বালিহাঁসের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে তিন আকারের ২১টি কাঠের তৈরি কৃত্রিম বাসা বাইক্কা বিলের হিজল-করচের বনে গত এপ্রিল মাসে স্থাপন করেছিল সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্প (আইপ্যাক)।গতকাল সোমবার পর্যবেক্ষণ শেষে পাঁচটি বাসায় মোট সাতটি বালিহাঁসের ছানা পাওয়া গেছে। এর মধ্যে একটিতে চারটি, একটিতে দুটি ও একটি বাসায় একটি ছানা পাওয়া গেছে। বাকি দুটিতে ডিমের খোলস পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায়, মা পাখি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে চলে গেছে।আইপ্যাক প্রকল্পের সিলেট অঞ্চলের পরিচালক মলয় সরকার গতকাল সোমবার বিকেলে বলেন, ‘এ ঘটনাটি বিরলই বলা চলে। দেশি হলেও বালিহাঁস এখন আগের চেয়ে বহু কমে গেছে। শিকারিদের ফাঁদে পড়ে, প্রজননের জন্য বাসস্থান না পেয়ে এরা বিলুপ্তপ্রায়। আমাদের এ উদ্যোগ সফল হয়েছে।’প্রাণী ও পাখিবিশেষজ্ঞ শরীফ খান মুঠোফোনে বলেন, এর ইংরেজি নাম Cotton Pygmy Goose। এরা এখন বিরলের তালিকায়। সত্তরের দশকেও সারা দেশেই এদের দেখা পাওয়া যেত। পাঁচ-সাতটি করে দলে দলে হাওর-বাঁওড়, বিল-ঝিলে, ধানখেত, এমনকি পুকুরেও দেখা মিলত। শীতকালে ‘ডিগির ডিগ-ডিগ ডিগ’ ডাকে দলবদ্ধ হয়ে লোকালয়ের ওপর দিয়ে উড়ে যেত। এই ডাক শুনেই বলা যেত বালিহাঁসের দল উড়ে যাচ্ছে। পুরোনো তাল, নারকেল, খেজুরগাছের খোঁড়লে এরা বাসা করে। এখন সিলেট ও সুন্দরবন-সংলগ্ন এলাকায় এদের কদাচি ৎ দেখা যায়।