মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের ‘বাইক্কা বিল অভয়াশ্রমে’ এ বছর পাখি কম এসেছে। তবে সৈকত পাখির সংখ্যা বেড়েছে। গত বুধ ও বৃহস্পতিবার এ বিলে পাখি গণনা করে ৪০ প্রজাতির পাঁচ হাজার ৯৮৭টি জলচর পাখি পাওয়া গেছে। গত বছর জানুয়ারিতে এ বিলে ১২ হাজার ২৫০টি জলচর পাখি পাওয়া গিয়েছিল।বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলে আইপ্যাক (সমন্বিত বন ব্যবস্থাপনা কমিটি) কার্যালয়ে পাখিশুমারি শেষে জলচর পাখি শুমারির বাংলাদেশ সমন্বয়কারী পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এ তথ্য প্রকাশ করেন।‘এশিয়ান ওয়াটার বার্ড সেনসাস’-এর উদ্যোগে ইনাম আল হক ও আইপ্যাকের সামাজিক অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা পল এম থম্পসনের নেতৃত্বে একটি দল দুই দিন বাইক্কা বিলে অবস্থান করে পাখি গণণা করে।ইনাম আল হক জানান, এ বছর বাইক্কা বিলে ৪০ প্রজাতির পাঁচ হাজার ৯৮৭টি জলচর পাখি পাওয়া গেছে। বিলে সৈকত পাখির সংখ্যা এবং প্রজাতি দুটোই বেড়েছে। তবে ল্যাঞ্জা ও সরালি হাঁসের সংখ্যা কমে গেছে। বিলে এ বছর প্রথমবারের মতো পাওয়া গেছে কালা বগলা। এটি দেশে এখন বিরল।পল এম থম্পসন বলেন, বাইক্কা বিলে এ বছর সবচেয়ে বেশি এক হাজার ৬০টি পাতারি হাঁস পাওয়া গেছে। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে গেওয়ালা বাটান, যার সংখ্যা ৯০০টি। তৃতীয় বেগুনি কালেম, যার সংখ্যা ৮২৬টি এবং চতুর্থ মেটে মাথা টিটি ২৫১টি। অন্যান্য উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে রাঙা চেগা, গিরিয়া হাঁস, খুন্তে হাঁস, কালা মাথা ঠেঙ্গি, দাগি লাল পা, অস্প্রে, পালাসি কুড়া ইগল, শামুকভাঙা, সাপ পাখি।আইপ্যাকের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৯ সালে বাইক্কা বিলে ৩৪ প্রজাতির নয় হাজার ৪০৫টি জলচর পাখি এসেছিল। এর আগের বছর (২০০৮) পাখি পাওয়া যায় ৩৭ প্রজাতির প্রায় সাত হাজার। ২০১০ সালে ছিল ৩৮ প্রজাতির ১২ হাজার ২৫০টি।এ বছর বাইক্কা বিলে পাখি কমে যাওয়ার কারণ জানতে চাইলে ইনাম আল হক প্রথম আলোকে বলেন, ‘এর জবাব আমাদের জানা নেই। পর পর কয়েক বছর ধরে পাখি কমতে থাকলে এ নিয়ে গবেষণা হতে পারে। এক বছরের হিসাব ধরে এর কারণ ব্যাখ্যা করা সত্যি খুবই কঠিন। এ বছর বাইক্কা বিলে শাপলা-শালুক জন্মায়নি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে, এটাও একটা কারণ হতে পারে। তবে দেখা গেছে, বাইক্কা বিলসংলগ্ন অন্যান্য বিল ও জলাশয়ে স্থলচর ও জলচর মিলিয়ে আরও ৪০ প্রজাতির পাখি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর সংখ্যাও পাঁচ হাজারের কম নয়।