বাইক্কা বিলে পাখি নিয়ে গবেষণা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের ‘বাইক্কা বিল অভয়াশ্রমে’ পাখির পায়ে দেশের নামাঙ্কিত রিং পরানোর মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পাখি নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণায় যুক্ত হলো। বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি পাখিবিশেষজ্ঞ ইনাম আল হকের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ছয় সদস্যের একটি দল গতকাল বৃহস্পতিবার এ বিলে গবেষণার প্রথম ধাপ শেষ করেছেন। ৩ ডিসেম্বর থেকে তাঁরা এ কার্যক্রম শুরু করেছিলেন।ইনাম আল হকসহ ছয়জনের দলে ছিলেন ইংল্যান্ডের পাখিবিশেষজ্ঞ নিক্ ডায়মন্ড, থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ফিলিপ রাউন্ড এবং বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য সামিউল মোহসেনিন, মোহাম্মদ ফয়সাল ও সায়াম চৌধুরী।বন ও পরিবেশ মন্ত্রণালয়, সমন্বিত সংরক্ষিত এলাকা সহ-ব্যবস্থাপনা প্রকল্প (আইপ্যাক) এবং স্থানীয় বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন এতে সহায়তা করেছে। বার্ড ক্লাব সূত্রে জানা যায়, এই প্রথম বাইক্কা বিলে দেশের নামাঙ্কিত রিং পাখির পায়ে পরানো হয়েছে। এর আগে দেশের কয়েকটি এলাকায় পাখির পায়ে যে রিং পরানো হয়েছিল তাতে বাংলাদেশের নাম ছিল না। শুধু নম্বর ছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে দেশের নামাঙ্কিত রিং তৈরির আন্তর্জাতিক অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যের ‘পরজানা’ এ রিং তৈরি করে দিয়েছে।