বাইক্কা বিলে পাখির কলরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজল-তমালের বনের পাশ থেকে ভেসে আসছে পাখির কূজন। আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে চলা পাখির ডানা ঝাপটানোর শব্দ। নানা বর্ণের ছোট-বড় দেশি ও পরিযায়ী পাখি। 

সব মিলিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল অভয়াশ্রমে অন্য রকম এক আবহ তৈরি হয়েছে। ২১ জানুয়ারি বিলের পর্যবেক্ষণ টাওয়ারের পাশে যেতেই মিরাশ মিয়ার দেখা পাওয়া যায়। মিরাশ মিয়া বাইক্কা বিল সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সংগঠন বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক। প্রায় এক যুগ তিনি বাইক্কা বিলকে খুব কাছ থেকে দেখছেন। বিলের পাখি সম্পর্কে তাঁর অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ। বিলের কোন দিকে কোন প্রজাতির পাখির দল ডানা ঝাপাটাচ্ছে তা তিনি অনায়াসে বলে দিতে পারেন।

‘ওই যে, ওই দেখেন ওদিকটায় পরিযায়ী পাখি রাজ সরালি। নিজেদের বাঁচার প্রয়োজনে এরা হাজার হাজার মাইল পথ উড়ে বছরের এ সময়টাতে এখানে আসে। আবার দুই-আড়াই মাস এখানে থেকে চলে যায়। ওই দূরে কালো পাখির ঝাঁক, এগুলো পানকৌড়ি। দেশি পাখি। এ পাশে ডাঙার দিকে কচুরিপানার ফাঁকে ছোট ছোট দলে ভাগ হয়ে বেগুনি কালেমের বিচরণ...’—টাওয়ারের চূড়ায় উঠে মিরাশ মিয়া এভাবেই বলছিলেন। ডিসেম্বর থেকেই বিভিন্ন প্রজাতির পাখি দলবেঁধে বিলে আসতে শুরু করে।

প্রতিবারের মতো এ বছরও বাইক্কা বিলে জলচর পাখিশুমারি হয়েছে। এশিয়ান ওয়াটার বার্ড সেনসাসের উদ্যোগে এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডের সহযোগিতায় ২২ ও ২৩ জানুয়ারি বাইক্কা বিলে এ পাখি গণনা করা হয়। ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবক পাখি বিশেষজ্ঞ পল এম থম্পসন পাখিশুমারিতে নেতৃত্ব দেন।

পল এম থম্পসন জানান, এ বছর শীত মৌসুমে বাইক্কা বিলে ৪১ প্রজাতির ১০ হাজার ৪৭৯টি জলচর পাখি পাওয়া গেছে। সবচেয়ে বেশি রয়েছে সরালি পাখি। সংখ্যা প্রায় দুই হাজার ২৫০টি। সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাতি তিলিহাঁস। এর সংখ্যা প্রায় দেড় হাজার। উল্লেখযোগ্য অন্যান্য পাখির মধ্যে রয়েছে কালামাথা কাস্তেচরা, বেগুনি কালেম, ধূপনি বক, সাদা বক, কালাপাখ ঠেঙ্গি, মধ্য এশিয়ার মরচেরং ভূতিহাঁস এবং সাইবেরিয়ার গিরিয়া হাঁস ও ল্যাঞ্জা হাঁস। 

ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডের আঞ্চলিক সমন্বয়কারী মাজহারুল ইসলাম বলেন, বিলে পানির গভীরতা এবং আবাসস্থল পাখির জন্য উপযোগী হওয়ায় এ বছর বাইক্কা বিলে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। ২০১০ সালের পর প্রজাতি ও সংখ্যার দিক থেকে এ বছরই বেশি পাখি এসেছে। ২০১০ সালের গণনায় ৪০ প্রজাতির ১২ হাজার ২৫০টি পাখি পাওয়া গিয়েছিল। ২০১২ সালে এ বিলে ৩৮ প্রজাতির পাঁচ হাজার ৯৮৭টি জলচর পাখি পাওয়া যায়।