বাইক্কা বিলে পাখির সংখ্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে হাইল হাওরের বাইক্কা বিলে এ বছর শীত মৌসুমে পরিযায়ী ও স্থানীয় পাখি গত দুই বছরের তুলনায় বেশি এসেছে। এ বছর বাইক্কা বিলে পাখিশুমারিতে ১০ হাজার ৭১২টি পাখি পাওয়া গেছে। এর মধ্যে পরিযায়ী উদয়ী বাবু বাটান একটি এবং স্থানীয় প্রজাতির বড় তিত দুটি ও বাংলা শকুন দুটি এবারই প্রথম দেখা গেছে।
ইউএসএইডের অর্থায়নে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) প্রকল্প গত বুধ ও বৃহস্পতিবার বাইক্কা বিলে পাখিশুমারি পরিচালনা করে। পাখি গণনা করেন পাখিবিশেষজ্ঞ ও ক্রেল প্রকল্পের জ্যেষ্ঠ সহব্যবস্থাপনা উপদেষ্টা পল থম্পসন।
ক্রেল সূত্রে জানা গেছে, দুই দিনের পাখিশুমারিতে পরিযায়ী ও স্থানীয় ৪০ প্রজাতির ১০ হাজার ৭১২টি পাখি পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি পরিযায়ী প্রজাতি। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে আছে পাতি সরালি, গেওয়ালা বাটান, পান মুরগি, বেগুনি কালেম, কুট, কালা লেজ জৌরালি ও ধলা বালিহাঁস। এর মধ্যে ধলা বালিহাঁস রয়েছে ৪৩৯টি।
গত বছর বাইক্কা বিলে ৩৮ প্রজাতির ৮ হাজার ৮৩২টি পাখির দেখা মিলেছিল। এর মধ্যে ১৬ প্রজাতির পরিযায়ী আর ২২ প্রজাতির দেশীয় জলচর পাখি ছিল। ২০১৫ সালে পাওয়া গিয়েছিল ৬ হাজার ৯৯১টি পাখি।
ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘গত বছর ধলা বালিহাঁস পাওয়া গিয়েছিল ২০০টি। এবার পাওয়া গেছে দ্বিগুণের বেশি। এ ছাড়া উদয়ী বাবু বাটান, বড় তিত ও বাংলা শকুন এর আগে বাইক্কা বিলে কখনোই দেখা যায়নি।’