বাইক্কা বিলে মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল অভয়াশ্রমে গভীরতা কমে যাওয়ায় পানি-সংকটে অনেক মাছ মারা যাচ্ছে। অন্যদিকে পানি কমে যাওয়ায় সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ মাছচোর চক্র। গত দেড় মাসে দুই দফা বিলের পাহারাদারের ওপর হামলা করেছে এ চক্রটি।মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাইক্কা বিলের অনেক জায়গার গভীরতা দেড়-দুই ফুটের মধ্যে চলে এসেছে। এসব স্থানে মাছের শরীর পানির ওপর ভেসে উঠছে। মাছ ছোটাছুটি করলে কাদাপানিতে স্থানটি ঘোলা হয়ে উঠছে। এতে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, গ্রাসকাপ ইত্যাদি জাতীয় মাছেরই বেশি সমস্যা হচ্ছে। বিলের বিভিন্ন স্থানে এ রকম জাতের মরা মাছ দেখা যাচ্ছে।অন্যদিকে পানি কমার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ মাছচোর চক্র। এরা মাছ মারার উদ্দেশ্যে বাইক্কা বিল অভয়াশ্রমের পাহারাদারের ওপর হামলা করছে। ৩ ডিসেম্বর রাতে একদল মাছচোর পাহারাদারের ওপর আক্রমণ করে। এ সময় আশপাশের লোকজন অন্যদের খবর দিলে লোকজন ছুটে এলে চোরেরা পালিয়ে যায়। এ ছাড়া মাস দেড়েক আগে একইভাবে এই মাছচোর চক্রটি মাছ মারার জন্য পাহারাদারের ওপর আক্রমণ করে। এ সময় লোকজন ছুটে এসে দুই ব্যক্তিকে ধরে ফেলে তাঁদের শ্রীমঙ্গল থানায় সোপর্দ করে। মাস দেড়েকের মধ্যে মাছচোর চক্রটি দুবার হামলা করেছে। হামলাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।মৎস্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, বাইক্কা বিল অভয়াশ্রম দেখাশোনার জন্য মৎস্য বিভাগের আলাদা কোনো লোক নেই। বাইক্কা বিলে যে প্রহরী আছে, তার কাছে কোনো অস্ত্র নেই। তার কথা চোরেরা শুনতে চায় না।শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভুঁইয়া গতকাল বলেন, ‘এখন বাইক্কা বিলের গভীরতা অনেক স্থানে দেড়-দুই ফুটের বেশি না। বিলে প্রায় তিন কেজি ওজনের একটি মরা রুই মাছ দেখেছি। বিভিন্ন স্থানে এ রকম আরও মরা মাছ চোখে পড়েছে। পানি-সংকটে মাছের অবস্থা অত্যন্ত করুণ। এদিকে পানি কমায় চোরেরাও সক্রিয় হয়ে উঠেছে। সশস্ত্র প্রহরী না থাকায় অভয়াশ্রমের মাছ রক্ষা করতে হিমশিম খাচ্ছি।’