বাইক্কা বিলে ১২ হাজার পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের ‘বাইক্কা বিল অভয়াশ্রমে’ এ বছর ১২ হাজারেরও বেশি পাখি এসেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলে আইপ্যাক কার্যালয়ে পাখিশুমারি শেষে পরিবেশবাদী সংগঠন ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনালের বাংলাদেশ সমন্বয়কারী ইনাম আল হক এ তথ্য প্রকাশ করেন।‘এশিয়ান ওয়াটার বার্ড সেনসাসের’ উদ্যোগে ইনাম আল হক ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনালের দুজন স্বেচ্ছাসেবক ড. পল এম থম্পসন ও নিক ডায়মন্ডকে নিয়ে হাইল হাওরের বাইক্কা বিল অভয়াশ্রমে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিন অবস্থান করে পাখি গণনা করেন।পাখি-বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, হাইল হাওরের বাইক্কা বিলে প্রতিবছর পাখির সংখ্যা এবং প্রজাতি দুটোই বেড়ে চলেছে। এ বছর ৪০ প্রজাতির ১২ হাজার ২৫০টি জলচর পাখি বাইক্কা বিলে পাওয়া গেছে। বিলে একটি ডাহুক ও দুটি ফুলুরি হাঁস পাওয়া গেছে। জলচর পাখি ছাড়া আটটি পালাসী কুড়া ঈগল পাওয়া গেছে।ইনাম আল হক বলেন, দেশি পাখি ডাহুক এখন সচরাচর দেখা যায় না। ফুলুরি হাঁস সাইবেরিয়া, উত্তর-পূর্ব চীন ও জাপানে বেশি দেখা যেত, কিন্তু এখন এরা প্রায় বিপন্ন। পালাসী কুড়া ঈগলও পৃথিবীব্যাপী বিপন্নপ্রায়।ড. পল এম থম্পসন বলেন, ২০০৯ সালে বাইক্কা বিলে পাখি পাওয়া গিয়েছিল ৩৪ প্রজাতির নয় হাজার ৪০৫টি। এর আগের বছর পাওয়া যায় ৩৭ প্রজাতির সাত হাজার। এ বছর সবচেয়ে বেশি সাড়ে চার হাজারটি রাজ সরালি পাওয়া গেছে। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে পাতি সরালি, যার সংখ্যা আড়াই হাজার। অন্যান্য উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে বেগুনি কালেম, পাতি তেলি হাঁস, কটনটি, দলপিপি, নেউপিপি, ধুপনি বক, সাদা বক, কালাপাখ ঠেঙ্গি, সাইবেরিয়ার গিরিয়া হাঁস ও ল্যাঞ্জা হাঁস এবং মধ্য এশিয়ার মরচেরং ভূতি হাঁস।বাইক্কা বিলের জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত আইপ্যাক প্রকল্পের কর্মকর্তা (মনিটর) তাপস কুমার রায় জানান, ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনালের উদ্যোগে ২৫ বছর ধরে বিভিন্ন দেশে জলচর পাখিশুমারি হয়ে থাকে। পাখিশুমারির মাধ্যমে পাওয়া তথ্যগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হয়।