বাইক্কা বিলে ১৭০ পাখির পায়ে রিং পরানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণার জন্য গতিবিধি পর্যবেক্ষণ করতে সপ্তাহব্যাপী অভিযানে হাইল হাওরের বাইক্কা বিলে ১৭০টি পাখির পায়ে রিং পরানো হয়েছে। গতকাল শুক্রবার এ অভিযান শেষ হয়।অভিযানে ২৮ প্রজাতির ১৭০টি পাখির পায়ে রিং পরানো হয়। ২৮ প্রজাতির মধ্যে ১৫টি পরিযায়ী। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—কয়েক ধরনের ফুটকি, সাইবেরীয় চুনিকণ্ঠী, গোলাপি তুলিকা ও রিচার্ডের তুলিকা, পাতি আবাবিল, খয়রা লাটোর, তাইগা চুটকি ইত্যাদি। অন্য দিকে দেশীয় স্থানীয় বাসিন্দা পাখি ছিল ১৩টি। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—সুরেলা কোকিল, দুই জাতের মাছরাঙা, কালো ফিঙে, লাল ঘাড় পেঙ্গা, দাগি ছাতারে, দাগি ঘাসপাখি ইত্যাদি।বাইক্কা বিল বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি ও সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্পের (আইপ্যাক) সহায়তায় পাখি পর্যবেক্ষক ইনাম আল হকের নেতৃত্বে বাংলাদেশ বার্ড ক্লাব এ কার্যক্রম পরিচালনা করে। কার্যক্রম তত্ত্বাবধান করেন ব্রিটিশ দুই পাখি বিশেষজ্ঞ ফিলিপ ডি রাউন্ড ও এন্ড্রু পিয়ার্স।ইনাম আল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিং পরানোর উদ্দেশ্য হচ্ছে, পাখির চলাচল পর্যবেক্ষণ করা। এই পাখি কোথা থেকে আসে, কোথায় যায়, কোথাও স্থির থাকে কি না, কত সময় লাগে, কত অংশ গন্তব্যে পৌঁছাতে পারে আর কত অংশ হারিয়ে যায়—এসব জানা।’ তিনি জানান, স্থানীয় বাসিন্দা পাখিও দেশের ভেতরেই হয়তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাদের গতিবিধিও এ গবেষণা থেকে জানা যাবে।