বাইক্কা বিলের অভয়াশ্রম থেকে চুরি হচ্ছে মা-মাছ
মৌলভীবাজারের হাইল হাওরে মাছের অভয়াশ্রম বাইক্কা বিলে পানি কমে যাওয়ায় মা-মাছ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। একটি সংঘবদ্ধ চোরের দল মা-মাছসহ বিভিন্ন জাতের মাছ চুরিতে বেপরোয়া হয়ে উঠেছে। এ কারণে হাইল হাওরসহ মুক্ত জলাভূমিতে মাছের বংশবিস্তার ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, বাইক্কা বিলে শুকনো মৌসুমে পানি কমার সঙ্গে সঙ্গে একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল মাছ চুরিতে তৎপর হয়ে ওঠে। ১৭ এপ্রিল মাছ চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় পাহারাদার জাকির হোসেন আহত হন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাইক্কা বিল ব্যবস্থাপনা সংগঠন বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সোবহান চৌধুরী বাদী হয়ে ১৮ এপ্রিল নয়জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন। বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির পাহারাদার মতিন মিয়া জানান, ১৭ এপ্রিল রাতে তাঁরা পাহারা দিতে বের হন। এ সময় পানিতে শব্দ পেয়ে দেখেন ১০-১২ জন মাছ চুরি করতে বিলে নামছে। ধরার চেষ্টা করতেই তারা পাহারাদারদের ওপর হামলা চালায়।মৎস্য বিভাগ ও বেসরকারি সংস্থা আইপ্যাক (ইন্টিগ্রেটেড প্রোটেক্টেড এরিয়া কো-ম্যানেজমেন্ট প্রজেক্ট) সূত্রে জানা গেছে, হাওরে পাখি ও মাছের পরিবেশ ফিরিয়ে আনতে ২০০৩ সালের জুলাই মাসে ভূমি মন্ত্রণালয় প্রায় আড়াই শ একর আয়তনের বাইক্কা বিলকে অভয়াশ্রম ঘোষণা করে। বেসরকারি সংগঠন ম্যাচ (ম্যানেজম্যান্ট অব অ্যাকুয়াটিক সিসটেম থ্রো কমিউনিটি হাজবেনট্রি) বাইক্কা বিলে গড়ে তোলে স্থায়ী অভয়াশ্রম। এখানে মাছ ধরা ও জলজ উদ্ভিদ আহরণ নিষিদ্ধ করা হয়। এতে সুফলও পাওয়া গেছে। প্রাকৃতিক পরিবেশ পেয়ে বিলুপ্তপ্রায় ও বিপন্ন নানা জাতের মাছ বিলে বংশবিস্তার করে। কিন্তু কিছু দুর্বৃত্তের কারণে এখন মা-মাছ সংরক্ষণ কঠিন হয়ে পড়েছে। শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফনীন্দ্র চন্দ্র সরকার বলেন, বিলে পানি কমে গেলে মাছচোরদের তৎপরতা বেড়ে যায়। একটি মা-মাছ চুরি হলে অনেক ক্ষতি হয়। একটি রুই মাছ ৪০ থেকে ৫০ লাখ এবং একটি চিতল মাছ ৩০ থেকে ৪০ লাখ ডিম ছাড়ে। জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া বলেন, প্রজননের মৌসুম আসায় চিতল মাছ বারবার পানির ওপর উঠছে। ফলে মাছগুলোকে এখন রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। এ ব্যাপারে তাঁরা জেলা প্রশাসনসহ সবার সহযোগিতা চেয়েছেন।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, বাইক্কা বিলের পাহারাদারের ওপর হামলার ঘটনায় চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।