বাইক্কা বিলের মাছ রক্ষার খেসারত!
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আ. কুদ্দূস ও মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূঁইয়াকে একযোগে বদলি করা হয়েছে।শ্রীমঙ্গলে ‘মৎস্যজীবী সমবায় সমিতি’ ওই কর্মকর্তাদের অপসারণের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাও ওই আন্দোলনে যোগ দেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কা বিল অভয়াশ্রমের ডিমওয়ালা মাছ ও পোনা মাছ রক্ষায় ৪ থেকে ১৮ জুন পর্যন্ত বিলের চারপাশে দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেন ইউএনও আশফাকুল হক। বিষয়টি এলাকায় মাইকে প্রচার করা হয়। এর পরও মাছ ধরা বন্ধ না হওয়ায় ইউএনওর নেতৃত্বে ৫ জুন ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল পৌরসভার মাছবাজারে অভিযান চালিয়ে চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন। এর পর থেকে সাজা পাওয়া তিনজনের মুক্তি এবং ইউএনও, সহকারী কমিশনার, মৎস্য কর্মকর্তার প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতি। গত শনিবার সমিতির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনের আহ্বায়ক এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কেরামত আলী। সমিতির নেতারা ছাড়াও এতে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রীমঙ্গল পৌরসভার সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল হোসেন প্রমুখ। এদিকে তিন কর্মকর্তাকে বদলির ঘটনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, শ্রীমঙ্গলে কোনো কর্মকর্তার পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। ভালো কাজ করলে নীতিহীন রাজনীতির শিকার হতে হয়।আন্দোলনের আহ্বায়ক কেরামত আলী প্রথম আলোকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত বাইক্কা বিল থেকে পাঁচ কিলোমিটার দূরে বরুণা বাজার থেকে মাছ জব্দ করে এনে নিলামে মাছ বিক্রি করেছেন। তিনজনকে ধরে সরাসরি কারাগারে পাঠিয়েছেন। এ জন্যই ইউএনও, সহকারী কমিশনার ও মৎস্য কর্মকর্তার প্রত্যাহার দাবি করছি।’ মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমাকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বদলি করা হয়েছে। দেশখ্যাত বিলটি রক্ষা করতে চেয়েছিলাম। তাই আকসিঞ্চক এ বদলি।’ সহকারী কমিশনার আবদুল কুদ্দূস গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গলে তাঁর কার্যালয়ে কাজ করেছেন। তিনি বলেন, ‘শুনেছি, বদলি করা হয়েছে। এখনো চিঠি পাইনি।’মৌলভীবাজারের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মতিয়ার রহমান শ্রীমঙ্গলের ইউএনওকে বদলির বিষয়টি নিশ্চিত করেন।