ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক বাইজিদ আলম শিবিবের প্রতারণার আরও ঘটনা জানা গেছে। প্রতারণার শিকার ব্যক্তিরা বাইজিদের বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘ক্যানসারের চিকিৎসার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রতারণা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ার পর রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষক প্রথম আলোর কার্যালয়ে এসে বাইজিদ আলম শিবিবের প্রতারণার বিস্তারিত বর্ণনা দেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, ২০০৮ সালের নভেম্বরে বাইজিদ তাঁর মায়ের চিকিৎসা শুরু করেন। এক মাসের মধ্যে বাইজিদ তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্র থেকে ওষুধ কেনার নাম করে কয়েক দফায় পাঁচ লাখ ২০ হাজার টাকা নেন। কিন্তু মাস পেরোলেও ক্যানসার ভালো না হলে বাইজিদ তাঁকে আরও এক মাস ওষুধ সেবন করতে বলেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিনি আর চিকিৎসা করাতে রাজি হননি। পরের মাসেই তাঁর মা মারা যান।ওই শিক্ষক বলেন, বাইজিদ তাঁর পরিচিত ছিলেন, তাই চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিন্তু তিনি প্রতারণা করবেন, এটা কখনোই ভাবেননি।বক্তব্যের ব্যাখ্যা: প্রকাশিত প্রতিবেদনে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জেবা ইসলাম সেরাজ। তিনি বলেন, ‘আমার মা মারা গিয়েছিলেন হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তিনি মারা যাওয়ার চার মাস আগ থেকে হূদেরাগের একটি ওষুধ খেতেন, যা রক্তকে তরল করে। প্রতি সপ্তাহে তাঁর রক্ত পরীক্ষা করানো হতো। শিবিবের হারবাল ওষুধ খাওয়ার ফলে তাঁর রক্তের কোনো গঠনমূলক পরিবর্তন লক্ষ করা যায়নি। তবে হারবাল ওষুধ খাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁর ক্যানসারের লাম্পটি ছোট হয়ে গিয়েছিল।’কর্তৃপক্ষের বক্তব্য: এদিকে শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার বিষয়ে গতকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিভাগের চেয়ারম্যান মামুন রশীদ চৌধুরী বলেন, বিভাগীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেবে না। এটা ওই শিক্ষকের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একজন শিক্ষক সব সময়ই নৈতিকতার উচ্চ শিখরে থাকবেন বলে আমাদের বিশ্বাস। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকা খুবই দুঃখজনক।’ এ বিষয়ে প্রমাণ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।