বাইতুল ইজ্জত প্রশিক্ষণ কেন্দ্রের ৯৭ সদস্যের মামলা প্রত্যাহার
চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণকেন্দ্র ও স্কুলের বিদ্রোহের ঘটনায় ৯৯ জনের মধ্যে ৯৭ জনকে গতকাল মঙ্গলবার অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রের তৎকালীন সহকারী পরিচালক (আরডিও-১১৭) হারুন অর রশিদ এবং উপসহকারী পরিচালক (আরডিও-১৬৭) মো. নূরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। এই দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি।চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৯৭ জন জওয়ানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর আলোকেই আমরা আদালতে আবেদন করি। আদালত মামলা প্রত্যাহার করেন। তবে বিডিআর আইনে এই ৯৭ জন জওয়ানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তাই তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চলবে।’২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় পিলখানা বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে সংহতি প্রকাশ করে সাতকানিয়ায় বিজিবি প্রশিক্ষণকেন্দ্র ও স্কুলের জওয়ানরা। সাতকানিয়া কেন্দ্রের জওয়ানরা ওই বছরের ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।এ ঘটনায় ওই বছরের মে মাসে সাতকানিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১০০ জন জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। পরে এক জওয়ান মারা যান। দুই বছর পর গত ৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর আগে গত ৮ আগস্ট সরকারি কৌঁসুলি বিডিআরের ৯৭ জন জওয়ানের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আবেদন আদালতে দাখিল করেন।