চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার গতকাল বুধবার শুরু হয়েছে। এই বিদ্রোহের ঘটনায় বায়তুল ইজ্জতের রাইফেল প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ের (আরটিসিএস) ১৫৩ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। তাঁদের মধ্যে ৭৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৭৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় অভিযুক্ত সদস্যদের আদালতে হাজির করা হবে।গতকাল সকাল সাড়ে ১০টায় আরটিসিএসে চট্টগ্রাম অঞ্চলের বিশেষ আদালত-৪-এ বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের এটি প্রথম বিচার। বিচার শুরুর আগে তাঁকে শপথবাক্য পাঠ করান অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি এজাজুল হক। বিচারক প্যানেলে আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আবদুর রউফ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এজাজুল হক ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন মেজর মহিবুর রহমান। বিচারের শুরুতে আরটিসিএসে বিদ্রোহের সঙ্গে জড়িত ১৫৩ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েক সুবেদার শরীফুল ইসলাম। অভিযোগে তিনি বলেন, পিলখানার বিদ্রোহের দ্বিতীয় দিন ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে আরটিসিএসে সাধারণ সৈনিক, প্রশিক্ষণার্থীদের উসকানি দিয়ে ও গুজব ছড়িয়ে বিদ্রোহ ঘটানো হয়। উপসহকারী পরিচালক (ডিএডি), সহকারী পরিচালক, সুবেদার মেজর, সুবেদারসহ কিছু সিপাহি বিদ্রোহে উত্তেজনা ছড়ান। শরীফুল ইসলাম অভিযোগে বলেন, বিদ্রোহীরা ২৫ ফেব্রুয়ারি বিকেল থেকে গোপনে পরিকল্পনা করতে থাকেন। এরপর শৃঙ্খলা (চেইন অব কমান্ড) ভঙ্গ করে কিছু সাধারণ সৈনিক ও প্রশিক্ষণার্থী চিৎকার করে অস্ত্রাগার (কোত) ও গোলাবারুদের মজুদখানার (ম্যাগাজিন হাউস) দিকে এগিয়ে যান। তখন সেখানে দায়িত্বরত সদস্যরাও বিদ্রোহে শামিল হন। তাঁরা বিভিন্ন পয়েন্টে মাইক লাগিয়ে হুমকি দেন, যারা অস্ত্র নিতে অস্বীকৃতি জানাবে তাদের গুলি করে হত্যা করা হবে। বিদ্রোহীরা গুলি ছুড়ে ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেসামরিক মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করেন। বিদ্রোহীরা পিলখানার নৃশংস হত্যাকাণ্ডের মতো আরটিসিএসে প্রেষণে নিয়োগ পাওয়া সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ও চেষ্টা চালান উল্লেখ করে শরীফুল ইসলাম বলেন, আরটিসিএসের ভারপ্রাপ্ত অধিনায়কসহ কর্মকর্তাদের বিদ্রোহীরা ধাওয়া করেন। বিদ্রোহীরা গুলি ছুড়তে ছুড়তে অফিসার মেসে ও পারিবারিক বাসস্থানে ঢুকে পড়েন। তাঁরা কর্মকর্তাদের না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও ব্যক্তিগত গাড়িতে আগুন দেন এবং মূল্যবান জিনিসপত্র লুটপাট করেন।যাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে তাঁরা কে কোথায়, কী অবস্থায় আছেন জানতে চান আদালত। এ সময় বাদী শরীফুল আদালতকে জানান, ১৫৩ জনের মধ্যে ৭৫ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ১২ মে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছেন। বাকি ৭৮ জন বিভিন্ন ইউনিটে কর্মরত।আদালত অভিযোগ আমলে নিয়ে কারাবন্দী ৭৫ জনকে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৭৮ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে আদালত মুলতবি ঘোষণা করা হয়। পরে সরকারি কৌঁসুলি (পিপি) মেজর মহিবুর রহমান, বিশেষ পিপি শেখ বাহারুল ইসলাম ও হাবিবুর রহমান সাংবাদিকদের ব্রিফিং করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকি ৭৮ জনকে গত মঙ্গলবার রাত থেকে আরটিসিএসে আটক করা হয়েছিল। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর গতকাল তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।