চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের মামলার রায়ে তৎকালীন বিডিআরের (বর্তমানে বিজিবি) ১৫৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।চট্টগ্রাম নগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হালিশহর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬ গতকাল বৃহস্পতিবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির কর্নেল মো. বশিরুল ইসলাম। তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি গৌতম কুমার রায়, লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রউফ ও মেজর এম এ রাকিব।দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন সুবেদার মেজর, তিনজন সুবেদার, ১০ জন নায়েব সুবেদার, ২২ জন হাবিলদার, ১৬ জন নায়েক, ২১ জন ল্যান্স নায়েক এবং ৮০ জন সিপাহি রয়েছেন। তাঁদের মধ্যে ৮০ জনকে সর্বোচ্চ সাত বছর, চারজনকে সাড়ে ছয় বছর, ১৩ জনকে ছয় বছর, ১৬ জনকে সাড়ে পাঁচ বছর, ২৯ জনকে পাঁচ বছর, পাঁচজনকে চার বছর, তিনজনকে তিন বছর, দুজনকে দুই বছর ও একজনকে দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা সাজা ভোগ করবেন অসামরিক আদালতে। গতকাল থেকেই রায় কার্যকর শুরু হয়েছে। একইসঙ্গে নিয়ম অনুযায়ী দণ্ডাদেশপ্রাপ্ত সবাই চাকরিচ্যুত হয়েছেন।আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি পরস্পরের যোগসাজশে বিদ্রোহের পরিকল্পনা করা, সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রের দিকে আসছে বলে গুজব ছড়ানো, পাগলা ঘণ্টা বাজিয়ে কোতের (অস্ত্রাগার) তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট, এলোপাতাড়ি গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করে ব্যাপক ত্রাস সৃষ্টি, কর্মকর্তাদের বাসায় ঢুকে ভাঙচুর ও লুটতরাজ করে পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা, কেরানীহাট-বান্দরবান সড়ক অবরোধসহ ৩২টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগ বিডিআর অধ্যাদেশের ১৯৭২-এর ১০এ(১) ধারায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত বলে রায় ঘোষণার সময় উল্লেখ করেন আদালতে সভাপতি বশিরুল ইসলাম।বিশেষ আদালত-১৬-এর কৌঁসুলি লে. কর্নেল মো. শামীমুর রহমান রায়ের পর ব্রিফিংয়ে বলেন, ১৫৩ জন আসামির মধ্যে ১১ জন দোষ স্বীকার করেছেন। ১৫ কার্যদিবসে ৭৮ জনের সাক্ষ্যের ভিত্তিতে সবাইকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এতে বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলো।সূত্র জানায়, গত বছরের ৭ জুলাই এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। অভিযোগ গঠনের আগে আসামিদের প্রত্যেককে আট মাস করে সময় দেওয়া হয়। যদিও ২৭ দিন সময় দেওয়ার নিয়ম আছে।