বাইতুল ইজ্জতের ১৫৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুরু
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রে বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫৩ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের কার্যক্রম শুরু হয়েছে।চট্টগ্রাম নগরের হালিশহরে বিজিবির সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত-১৬-এ গতকাল রোববার থেকে অভিযোগ গঠনের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টা অভিযোগ উপস্থাপনের পর আদালতের কার্যক্রম ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিজিবি (সাবেক বিডিআর) বিদ্রোহের জের ধরে পরদিন ২৬ ফেব্রুয়ারি সাতকানিয়ার বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রের ১৫৩ জন জওয়ান বিদ্রোহ করে। এঁদের বিরুদ্ধে অস্ত্রাগার লুট, সেনাবাহিনী আক্রমণ করবে—এমন গুজব ছড়ানো, সেনাপরিবারের সদস্যদের নাজেহাল, পাগলা ঘণ্টা বাজিয়ে বিদ্রোহের সূত্রপাত করা, মেজর ইকবালের গাড়িতে অগ্নিসংযোগ, কর্মকর্তাদের ধাওয়া করা, জনমনে আতঙ্ক ছড়ানো, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ইত্যাদি অভিযোগ আনা হয়। সরকার পক্ষের কৌঁসুলি লে. কর্নেল মো. শামীমুর রহমান আদালতে একে একে সব অভিযোগ পড়ে শোনান।আদালত সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে দ্বিতীয় পর্বের বিচারকাজ শুরু হয়। মধ্যাহ্ন বিরতি দিয়ে বেলা আড়াইটা পর্যন্ত বিচারকাজ চলে। বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়, লে. কর্নেল মো. আবদুর রউফ ও মেজর এম এ রাকিব। বিচারিক কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত বছরের ৭ ও ৮ জুলাই সাতকানিয়ার বাইতুল ইজ্জতে স্থাপিত বিশেষ আদালত ৪-এ। এটি পরিচালনা করেন তত্কালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক।জানা গেছে, মহাপরিচালকের একার পক্ষে সারা দেশে বিচার কার্যক্রম পরিচালনা সময়সাপেক্ষ বিষয় হবে—এমন বিবেচনা করে এ ক্ষেত্রে সেক্টর কমান্ডারদের হাতে বিচারিক কাজ পরিচালনার দায়িত্ব দিয়ে বিধি সংশোধন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিজিবি সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত স্থানান্তর করা হয়।