বাইতুল ইজ্জতের ১৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রে বিদ্রোহের সঙ্গে জড়িত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫৩ সদস্যের (আগের বিডিআর) বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। এ সময় ১১ জওয়ান দোষ স্বীকার করলেও ১৪২ জন নিজেদের নির্দোষ দাবি করেন।চট্টগ্রাম নগরের হালিশহরে বিজিবির সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচারের জন্য বিশেষ আদালত বসে, যা আদালত-১৬ নামে পরিচিত। গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। পরে আদালতের কার্যক্রম আজ সকাল নয়টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিজিবি বিদ্রোহের জের ধরে পরদিন ২৬ ফেব্রুয়ারি সাতকানিয়ার বাইতুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রের ১৫৩ জন জওয়ান বিদ্রোহ করেন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে অন্যতম হচ্ছে অস্ত্রাগার লুট, সেনাবাহিনী হামলা করবে এমন গুজব ছড়ানো, সেনা পরিবারের সদস্যদের নাজেহাল, পাগলা ঘণ্টা বাজিয়ে বিদ্রোহের সূত্রপাত করা, মেজর ইকবাল নামের এক সেনা কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ, কর্মকর্তাদের ধাওয়া করা, জনমনে আতঙ্ক ছড়ানো ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইত্যাদি।আদালত সূত্র জানায়, গতকাল সকালে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচারকাজ পরিচালনা করেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়, লে. কর্নেল মো. আবদুর রউফ ও মেজর এম এ রাকিব। এতে সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন লে. কর্নেল মো. শামীমুর রহমান।আদালত সূত্র জানায়, বিশেষ আদালতের সভাপতি কর্নেল বশিরুল গতকাল প্রত্যেক আসামির বিরুদ্ধে আলাদা অভিযোগ উত্থাপন করেন। এ সময় আসামিদের প্রশ্ন করেন, ‘আপনারা দোষী না নির্দোষ?’ জবাবে ১৪২ জওয়ান নিজেদের নির্দোষ দাবি করেন। তবে ১১ জন দোষ স্বীকার করেন। বিশেষ আদালতের কৌঁসুলি লে. কর্নেল শামীম প্রথম আলোকে বলেন, বুধবার (আজ) আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শুরু হবে। এ ঘটনায় ১৪৩ জনকে সাক্ষী করা হয়েছে। বিচারিক কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত বছর ৭ ও ৮ জুলাই সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে স্থাপিত বিশেষ আদালত-৪-এ। এটি পরিচালনা করেন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক। মহাপরিচালকের একার পক্ষে সারা দেশে বিচারকাজ পরিচালনা সময়সাপেক্ষ হবে বিবেচনা করে সেক্টর কমান্ডারদের হাতে বিচারিককাজ পরিচালনার বিধি সংশোধন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিজিবি সেক্টর সদর দপ্তরে বিশেষ আদালত স্থানান্তর করা হয়।