বাইপাস সড়ক না থাকায় মানুষের যত ভোগান্তি
একটি বাইপাস সড়কের অভাবে খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কদমতলা ও স্টেশন রোডে সব সময় ট্রাকের জট লেগে থাকে। ফলে রেল ও লঞ্চযাত্রীদের প্রায়ই অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।নগরের পাওয়ার হাউস মোড় থেকে সোজা পূর্বে কদমতলা হয়ে রেলস্টেশন। কদমতলা মোড়ের ডান দিকে সোজা স্টেশন রোড গিয়ে মিশেছে বড় বাজার এলাকার ক্লে রোডে। এই এলাকা নগরের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। সাধারণত নগরের মধ্য দিয়ে পাওয়ার হাউস মোড় হয়ে স্টেশন রোডে পণ্যবোঝাই বা খালি ট্রাক প্রবেশের একমাত্র পথ। সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগরে ট্রাক প্রবেশের ওপর মহানগর পুলিশের নিষেধাজ্ঞা জারি আছে।সরেজমিনে দেখা গেছে, এই এলাকায় সড়কের দুই পাশে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও ফলের আড়ত গড়ে উঠেছে। সড়কের দুই পাশে প্রায় চার ফুট চওড়া ফুটপাতে ব্যবসায়ীদের মালামাল পরিমাপের যন্ত্র, চা-পান-বিড়ির দোকান ও হোটেলের চুলা বসিয়ে অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। সড়কের ওপর অসংখ্য ট্রাকে মালামাল ওঠানো-নামানোর কাজ চলে। কদমতলা ও স্টেশন রোডের ওপর কোথাও সারিবদ্ধভাবে আবার কোথাও এলোমেলোভাবে কিছু ট্রাক দাঁড়িয়ে আছে। এর সঙ্গে আছে শত শত ঠেলাগাড়ি। এ অবস্থায় পথচারীদের হেঁটে চলাই দুষ্কর।ব্যবসায়ী সূত্রে জানা গেছে, স্টেশন রোডের পশ্চিম মাথায় কদমতলা হয়ে রেলস্টেশনের উত্তর পাশের ভৈরব নদের পাড় দিয়ে খুলনা-যশোর মহাসড়কে সংযুক্ত তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা-পাকা একটি সড়ক আছে। সড়কটি ভারী যানবাহনের উপযোগী করে তৈরি করা হলে কদমতলা ও স্টেশন রোডে যানজটের সৃষ্টি হতো না; দিন-রাত ২৪ ঘণ্টা ট্রাকগুলো বাইপাস সড়ক ব্যবহার করে যাতায়াত করতে পারত।স্টেশন রোডের ব্যবসাপ্রতিষ্ঠান রিয়া ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. রকিবুল জাহিদ জানান, স্টেশন রোড ও কদমতলা পাইকারি ব্যবসাকেন্দ্র। এখান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যসামগ্রী পাইকারি দামে কিনে ট্রাকে করে নিয়ে যান। অথচ দিনের বেলায় ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে ভোরে ও রাতে আগেভাগে সড়কে কয়েক শ ট্রাক এসে অবস্থান নিচ্ছে। ফলে এখানে ভয়াবহ ট্রাকজটের সৃষ্টি হচ্ছে। তবে ট্রাফিক পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে এই এলাকায় এত তীব্র যানজট হতো না।মহানগর পুলিশের ট্রাফিক পরিদর্শক সোহরাব উদ্দিন জানান, তিন কিলোমিটার সড়ক ঠিক করে দেওয়া হলে নগরে ট্রাক প্রবেশের প্রয়োজন হয় না এ কথা ঠিক। ট্রাকগুলো বাইপাস সড়ক ব্যবহার করে সব সময় স্টেশন রোড ও কদমতলা এলাকা থেকে পণ্য পরিবহন করতে পারত।খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক জানান, স্টেশন রোড ও কদমতলা এলাকায় যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই এলাকায় একটি বাইপাস সড়কের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ জন্য রেল ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এ ছাড়া ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।