বাইপাসের জন্য আর কত অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে যানবাহনের চাপ কমাতে দুই যুগ আগে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জমি নিয়ে জটিলতা ও বারবার নকশা পরিবর্তন করায় আজও ওই সড়ক নির্মাণ করা যায়নি। এ কারণে কুষ্টিয়াবাসীর দুর্ভোগও কমেনি। শহরের কয়েকজন বাসিন্দা জানান, কুষ্টিয়া বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু হওয়া দেখতে তাঁদের আর কত দিন অপেক্ষা করতে হবে, তা তাঁরা জানেন না। এটি নির্মাণ না হওয়ায় বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণী ও পেশার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে সওজ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এ সড়কটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারখাদায় মিলিত হবে। গত বছরের এপ্রিল মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সড়কটি নির্মাণের জন্য ৫৩ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। ২০১১ সালের ৮ ডিসেম্বর বাইপাস সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ৮৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। ইতিমধ্যে সওজ জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে চার কোটি ৯৭ লাখ টাকা দিয়েছে। ইতিমধ্যে ৭০ ভাগ জমি অধিগ্রহণ করা হয়েছে।সওজ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দাখিল করা দরপত্র সওজের যশোর কার্যালয়ে আছে। সেগুলো মূল্যায়ন হতে এপ্রিল পর্যন্ত সময় লাগবে। ওই মাস থেকেই বাইপাস সড়কের কাজ শুরু হতে পারে। শহরের কয়েকজন বাসিন্দা জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক যানবাহনগুলো এখন শহরের ভেতরের আট কিলোমিটার রাস্তা দিয়ে যাতায়াত করে। বাইপাস সড়কটি নির্মাণ করা হলে ভেতরে যানবাহনের চাপ থাকত না। এতে যানজটও কমে যেত।সরেজমিনে দেখা গেছে, দূর পাল্লার গাড়ি চলাচল করায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় একটি ঝুঁকিপূর্ণ স্থান। এখানে যানজটের সৃষ্টি হয়। এ কারণে ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ১২টায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের এ অংশের দুই পাশে দুজন ছাত্র লাঠির মাথায় লাল কাপড়ের নিশান ঝুলিয়ে দাঁড়িয়ে থাকে। ওই নিশান দেখে গাড়ি থেমে যায়। এরপর ওই অংশ দিয়ে চৌড়হাস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা পারাপার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের শহরের ভেতর দিয়ে যাওয়া আট কিলোমিটারের অংশের দুই পাশে সরকারি বেসরকারি কার্যালয় ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রতীতি বিদ্যালয়, বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলবাড়িয়া বাজার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল, জজ আদালতও আছে। এ কারণে প্রতিনিয়তই এ সড়কে ছোটবড় দুর্ঘটনা ঘটছে।