ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোনাবাড়ী অংশের প্রায় এক কিলোমিটার রাস্তা আবারও চলাচলের অযোগ্য হয়ে ওঠছে। মহাসড়কের এই অংশে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।গতকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বড় বড় গর্তে পানি জমে আছে। ঈদের চার-পাঁচ দিন আগে এসব গর্ত খোয়া-বালু ফেলে ভরাট করা হয়েছিল। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে গর্তের খোয়া-বালু উঠে গেছে।এলাকার লোকজনের অভিযোগ, বাইমাইল থেকে কাশিমপুর কারাগার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। যাত্রী ও মালবাহী গাড়িগুলোর এতটুকু পথ যেতে আধা ঘণ্টারও বেশি সময় লাগছে। বাস-ট্রাকের চাকা গর্তে পড়ে একদিকে কাত হয়ে যাচ্ছে। ওই এক কিলোমিটার রাস্তার জন্য মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। যানবাহনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হওয়ায় গত বৃহস্পতিবার জয়দেবপুরের কড্ডা সেতু থেকে কালিয়াকৈরের তেলিরচালা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তায় যানজট লাগে। গতকাল ছুটির দিনেও ওই এলাকায় প্রায় তিন-চার কিলোমিটার জায়গায় গাড়ির লম্বা সারি দেখা যায়।ওই এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ঈদের চার-পাঁচ দিন আগে এসব গর্ত ভরাট করা হয়েছিল। কিন্তু ১৫ দিনও টেকেনি। পানি জমা গর্তগুলোর জন্য রাস্তার পাশ দিয়ে হাঁটা যায় না।কোনাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে দায়িত্বরত মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পাশে গর্ত থাকায় রাস্তা অনেক সংকীর্ণ হয়ে গেছে। সংকীর্ণ রাস্তাও উঁচু-নিচু। গাড়ি ঠিকমতো চলতে পারে না বলে প্রায় সারা দিনই যানজট লেগে থাকে।এলাকার লোকজন বলেছেন, দ্রুত এই অংশটুকু আবার সংস্কার করলে এই সড়কে আর যানজট-ভোগান্তি হবে না। জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গাজীপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ শফিকুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, কোনাবাড়ী বাজার থেকে কালিয়াকৈরের দিকে মহাসড়কের দুই পাশে এক কিলোমিটার রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। বৃষ্টি ও গাড়ির চাপে এই অংশে মহাসড়কের কয়েকটি স্থানে খোয়া-বালু উঠে গেছে। গত দুদিনের বৃষ্টিতে পানি জমে অবস্থা আরও খারাপ হয়েছে। তিনি বলেন, অচিরেই গর্তগুলো ভরাট করা হবে। শুকনো মৌসুমে চূড়ান্তভাবে সংস্কার করে কার্পেটিং করা হবে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই ধারে নানা ধরনের অবৈধ স্থাপনা এবং পার্কিং করা ম্যাক্সি ও গাড়ি ওই রাস্তায় যান চলাচল আরও দুর্বিষহ করে তুলেছে।