বাইরাইনে উৎসবে প্রবাসীদের সঙ্গে প্রথম আলো

মেলার শুরুর পর থেকে ভিড় লেগেই ছিল প্রথম আলোর স্টলে। প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ নিয়ে ছিল তাঁদের নানা প্রশ্ন। দেশের মতো বিদেশেও এই পত্রিকাটি পেয়ে জানালেন তাঁদের আনন্দের কথা। তাঁরা চান, প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরবে প্রথম আলো। সব সময় প্রবাসীদের পাশে থাকবে জনপ্রিয় পত্রিকাটি।
বাহরাইনের আআলী এলাকায় বাংলাদেশ স্কুলের জায়গায় আয়োজিত মেলায় পাঠক-শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জমজমাট ছিল প্রথম আলোর স্টল। বাংলাদেশ দূতাবাসের আয়োজন এবং বাংলাদেশ স্কুল ও বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় ১ ও ২ মে দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমান প্রথম দিনই স্টল পরিদর্শন করেন। তিনি প্রথম আলো পত্রিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পত্রিকাটি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও আলো ছড়াচ্ছে। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তা মেহেদী হাসান, শ্রমসচিব মহিদুল ইসলামসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে মেলায় প্রথম আলোর স্টল উদ্বোধন করেন আল আহলি ব্যাংকের সিইও শাফখাত আনোয়ার চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের বহুল প্রচারিত প্রথম আলো সত্য ও ন্যায়ের পক্ষে সব সময় সংবাদ পরিবেশন করে। তাই প্রবাসে শত ব্যস্ততার ফাঁকেও প্রতিদিন অনলাইনে প্রথম আলো পড়ে থাকি। এখন সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ প্রকাশ করে এ অঞ্চলের প্রবাসীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। বাহরাইন প্রবাসীদের প্রতি তিনি সপ্তাহে একদিন প্রথম আলো পড়ার আহ্বান জানান।