বাইরে আ.লীগের কার্যালয়, ভেতরে চায়ের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জমিতে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদের নোটিশ পাওয়ার পর দোকানকে আওয়ামী লীগের কার্যালয় দাবি করে দখল বজায় রাখা হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর বাজারের চৌরাস্তা এলাকার ওই চায়ের দোকান চালাচ্ছেন ছোবহান খান নামের এক ব্যক্তি। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়ার আলী খান রাতারাতি এটিকে আওয়ামী লীগের কার্যালয় বানানোর চেষ্টা করলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় লোকজন বলছেন, ইয়ার আলী ওই অবৈধ স্থাপনা দখল করে রেখেছেন।উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সোহেল রানা জানান, ১৫ মার্চ জয়দেবপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৪১৯ নম্বর দাগে ১৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ওই সরকারি জমিতে নির্মিত ঘরটির অবৈধ দখলদার হিসেবে বারাংকুলা গ্রামের জিয়ার আলী খান ও ছোবহান খানকে তিন দিনের মধ্যে তা অপসারণের নোটিশ দেওয়া হয়। জিয়ার আলী খান আওয়ামী লীগের নেতা ইয়ার আলী খানের ভাই। জয়দেবপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল আলিম খান বলেন, উচ্ছেদ ঠেকাতে ঘরটিকে রাতারাতি আওয়ামী লীগের কার্যালয় হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটি আসলে ইয়ার আলী খানের দখলে রয়েছে। ঘরটি বাজারের চৌরাস্তার কাছে হওয়ায় যানবাহন ও বাজারের লোকজনের যাতায়াতে মারাত্মক অসুবিধা হচ্ছে।গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইয়ার আলীর নেতৃত্বে ঘরটিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হচ্ছে। পরদিন টাঙানো হয় ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ইউনিট আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড। ইয়ার আলী খান দাবি করেন, ‘দীর্ঘদিন ধরে ঘরটি আমরা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছি।’তবে ভূমি কার্যালয়ের নোটিশ পাওয়া ছোবহান খান জানান, তিনি প্রায় পাঁচ বছর ধরে ওই ঘরে চায়ের দোকান করে আসছেন। আর জিয়ার আলী খানের দাবি, তাঁদের ওই ঘর সরকারি জমিতে নয়। ভূমি কার্যালয় ভুলক্রমে তাঁদের নোটিশ দিয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন জানান, ওটি আদৌ আওয়ামী লীগের কার্যালয় নয়। ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে ইয়ার আলী খানের পরিচয় নিশ্চিত করে আকরাম হোসেন আরও বলেন, সরকারি খাসজমিতেই ইয়ার আলী ঘরটি নির্মাণ করেছেন। উচ্ছেদের জন্য তিন দিন সময় বেঁধে দেওয়া হলেও গত সোমবার পর্যন্ত ছয় দিন অতিবাহিত হয়েছে। এখনো উচ্ছেদের কোনো উদ্যোগ নেয়নি উপজেলা ভূমি কার্যালয়। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘যেহেতু তারা নির্ধারিত সময়ের মধ্যে ঘরটি অপসারণ করেনি, এ কারণে আমরা খুব শিগগির ওই অবৈধ স্থাপনা ভেঙে দেব।’