বাইরে চলছে অভিযান বাজারে চলছে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ঘটা করে চলছে জাটকা নিধনবিরোধী অভিযান। মাছের আড়ত, মাছের পরিবহন আর উপকূলীয় এলাকায় অভিযানের খবর আসছে। অথচ এ সময়ই চট্টগ্রাম নগরের বিভিন্ন মাছের বাজারে প্রকাশ্যেই চড়া দামে বিক্রি হচ্ছে জাটকা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব প্রথম আলোকে বলেন, ‘জেলা ও মহানগরে জাটকা নিধন রোধে আমাদের আটটি ভ্রাম্যমাণ দল কাজ করছে। তারা যেকোনো জায়গায় জাটকা নিধন অথবা বিক্রির খবর পেলেই অভিযান পরিচালনা করেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানও চলছে।’

১৮ মার্চ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারা দেশে পালিত হচ্ছে এ সপ্তাহ। ২৪ মার্চ শেষ হবে সপ্তাহ। চট্টগ্রামের বাঁশখালীতে আনুষ্ঠানিকভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়। সমাপনী অনুষ্ঠান হবে আনোয়ারায়।

গত কয়েক দিন সরেজমিনে নগরের রিয়াজ উদ্দিন বাজার, পাহাড়তলী বাজার, চৌমুহনী বাজার ও দেওয়ানহাট সিটি করপোরেশন বাজারে গিয়ে দেখা গেছে, ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের জাটকা বিক্রি হচ্ছে প্রকাশ্যে। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা করে।

রিয়াজ উদ্দিন বাজারের মাছ বিক্রেতা সাহেব আলী বলেন, ‘আমাদের দোষ কোথায়। আমরা তো মাছের আড়ত থেকে কিনে বিক্রি করছি। নিজেরা ধরে বিক্রি করছি না।’

জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, চলমান জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মাছ ধরার জাহাজ, কোল্ড স্টোরেজ ও সাগর উপকূলীয় বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রায় চার টন জাটকা উদ্ধার করা হয়েছে। আর এ সময়ে জরিমানা করা হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

অভিযানের সঙ্গে যুক্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা কোথাও জাটকা বিক্রির খবর পেলেই ছুটে যাই। নগরের বাজারগুলোতেও আমরা অভিযান পরিচালনা করব।’