ভোলা সদর হাসপাতালে পর্যাপ্ত ওষুধ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সিভিল সার্জন বাকির হোসেন বলেন, ১০০ শয্যার ভোলা সদর হাসপাতালে বছরে প্রতি শয্যার জন্য এক লাখ ৩০ হাজার টাকার ওষুধ বরাদ্দ আসে। তাতে ওষুধসংকট থাকার কথা নয়। তার পরও চিকিৎসক ও নার্সরা কেন রোগীদের দিয়ে বাইরে থেকে ওষুধ কেনাচ্ছেন, তা তদন্ত করে দেখা হবে।গত ৯ মে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নবীপুর গ্রামের হাজেরা বেগম নিউমোনিয়ায় আক্রান্ত তাঁর ১০ মাসের মেয়ে হাসিনাকে সদর হাসপাতালে ভর্তি করান। হাজেরা বেগম জানান, হাসপাতালে চিকিৎসা দিলেও ওষুধ দেয়নি। নার্স তিনটি সাদা কাগজে প্রায় এক হাজার ২০০ টাকার ওষুধের নাম লিখে বাইরে থেকে কিনতে বলেন। টাকা না থাকায় মেয়ের জীবন বাঁচাতে জীবনে প্রথম ভিক্ষার আশ্রয় নেন। দুই দিন অসুস্থ সন্তানকে নিয়ে পথে পথে ঘুরে আবার হাসপাতালে ফেরেন। কিন্তু ওষুধ কিনতে পারেননি।খোঁজ নিয়ে জানা গেছে, রোগীদের ওষুধ দেওয়া হয় না ঠিকই, কিন্তু যে ওষুধ রোগীরা বাইরে থেকে কিনছে সেগুলোই রোগীকে দেওয়া হয়েছে বলে রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়। ফলে বছর শেষে প্রচুর পরিমাণ ওষুধ জমা থেকে যায় এবং সেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, হাসপাতালে অনেক রোগের ওষুধ আসে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেগুলো অব্যবহূত থাকে। ফলে মেয়াদ উত্তীর্ণ হওয়াটাই স্বাভাবিক। অনেক সময় প্রশিক্ষণার্থী নার্স কর্মরত থাকেন, তাঁরা স্টোরের খবরাখবর না জেনে রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে পাঠান।