বাইরে থেকে দরজা আটকিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের সামনের ও পেছনের দরজা বাইরে থেকে আটকে আগুন দিয়ে একটি পরিবারকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে ওই পরিবারের দুই সদস্য বেঁচে গেলেও ঘরটি পুড়ে গেছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে নুরাইনপুর গ্রামের আবদুল হালিম প্যাদার স্ত্রী মিনারা বেগম (৪২) তাঁর নাতনি হাবিবাকে (৭) নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে তিনি ঘরের মধ্যে আগুন দেখে হাবিবাকে নিয়ে ঘর থেকে বাইরে নামার চেষ্টা করেন। কিন্তু ঘরের পেছনের ও সামনের দরজা বাইরে থেকে আটকানো থাকায় বের হতে পারছিলেন না। তাঁদের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং দরজার বাইরে লাগানো ছিটকিনি খুলে দিলে তাঁরা বেরিয়ে আসতে সক্ষম হন। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ছুটে আসে। ততক্ষণে ঘরটি পুড়ে যায়।