বাইরে থেকে মাদক ঢোকা বন্ধে গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিস্তার রোধে আমাদের কঠোর আইন রয়েছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব–সেক্টর মাদক প্রতিরোধে কাজ করছে। এরপরেও আমাদের দেশে মাদকের অনুপ্রবেশ ঘটছে। মাদকের ব্যবহার বন্ধ এবং প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার থেকে যাতে মাদক অবৈধভাবে ঢুকতে না পারে সেটাকে আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়ব দেশ যুক্তির গানে’-এ স্লোগানে ডিবেট ফর ডেমোক্রেসি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর এফডিসিতে সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিতর্ক উৎসবের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাদকের নানা কুফল তুলে ধরে সভাপতি হিসেবে বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনই মাদক উৎপাদন ও সরবরাহের সঙ্গে যুক্ত নয়। প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে মাদক প্রবেশের কারণে দেশের তরুণেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অনুষ্ঠানের ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য শুনে আশার আলো দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন।
খন্দকার রাকিবুর রহমান বলেন, দেশের স্বপ্নময় শিক্ষার্থীদের মাঝে শুরু থেকেই মাদকবিরোধী মনোভাব জাগ্রত করতে হবে। সমাজের সব শ্রেণি পেশার মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে পারলে মাদকের ব্যবহার প্রতিরোধ করা যাবে। তিনি বলেন, চলতি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপক জোর দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নতুন অভিযান পরিচালিত হবে।
হাসান আহমেদ চৌধুরী বলেন, মাদকের বিস্তারের পাশাপাশি চাহিদা কী কারণে বাড়ছে, তার কারণ অনুসন্ধান করতে হবে। তবে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রতিহিংসামূলক ঘটনা, হানাহানি, কর্মসংস্থানের অভাব, শিক্ষার প্রতিকূল পরিবেশ মাদকের বিস্তারে প্রভাব রাখছে। সমাজ ও রাষ্ট্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মধ্যে দিয়েই মাদককে প্রতিরোধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বিতর্ক উৎসবে ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস কলেজ চ্যাম্পিয়ন হয়। এতে রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকার করে শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং সাউথ পয়েন্ট কলেজ। চূড়ান্ত প্রতিযোগিতার বিষয় ছিল রাজনৈতিক অঙ্গীকারই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে যথাক্রমে নগদ ৫০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকাসহ ট্রফি ও ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত ও মহাপরিচালক মো. আমির হোসেন, পরিচালক নাজমুল আহসান মজুমদার, সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, আবু তালেব প্রমুখ।