বাইরে দৃশ্যত সুষ্ঠু, ভেতরে প্রকাশ্যে ভোটের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে দৃশ্যত সুষ্ঠু, কিন্তু ভেতরে নৌকা প্রতীকে প্রকাশ্য ভোটের আয়োজনের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার মাগুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফায় মাগুরা সদর উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হলো।
চারটি ইউনিয়ন ঘুরে প্রায় একই রকম নির্বাচনী অবস্থা দেখা গেছে। এসব ইউনিয়নের অধিকাংশ ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি। ভোটকক্ষগুলোতে এজেন্টের আসনে নৌকা প্রতীকের অনেক সমর্থক বসে থাকতে দেখা গেছে। বাইরে থেকে ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ভেতরে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রে আসার পথে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। কাউকে কাউকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। জগদল ইউপির জগদল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট না দিতে দিয়ে ভোটার খলিল মোল্লা ও সাখাওয়াত হোসেনকে নৌকা প্রতীকের লোকজন মারধর করে তাড়িয়ে দেন বলে তাঁরা অভিযোগ করেন।
জগদল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন দুপুরে ভোট বর্জন করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামের লোকজন তাঁর (জাহিদের) এজেন্টদের সব কেন্দ্র থেকে বের করে দেন। তাঁরা কেন্দ্র দখলে নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের বাধ্য করেন। এ ছাড়া ভয়ভীতি দেখানোসহ তাঁর ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের একাধিক এজেন্টের পাশাপাশি আওয়ামী লীগের কমপক্ষে ১০ জন করে লোক ভোটকক্ষে অবস্থান নেন। তাঁরা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীর সঙ্গে মাগুরা শহর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসীরাও সেখানে ছিল।
তবে যোগাযোগ করা হলে ইউপির রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে কিছু অভিযোগ পেয়েছি। তবে তা আমরা হতে দিইনি। এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে কিছু জানি না।’
দুপুর সাড়ে ১২টার দিকে আঠারখাদা ইউপি কেন্দ্রে হারুন অর রশীদ নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা লোকজন নিয়ে কেন্দ্রে ঢুকতে গেলে সহকারী উপপরিদর্শক (এএসআই) গোবিন্দ চন্দ্র বাধা দেন। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে গোবিন্দ চন্দ্রকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ‘খুবই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোথাও কোনো খারাপ ঘটনা ঘটেনি।’
নির্বাচন সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকা মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচন চলাকালে কোনো অভিযোগ পাওয়ামাত্রই আমরা ব্যবস্থা নিয়েছি।’