বাইরে পরিপাটি ভেতরে জীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাক হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে গর্ত দেখাচ্ছেন প্রধান শিক্ষক। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাক হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝেতে গর্ত দেখাচ্ছেন প্রধান শিক্ষক। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঝকঝকে রং করা ভবনগুলোকে বাইরে থেকে দেখে বেশ পরিপাটি মনে হয়। কিন্তু ভেতরে ঢুকলেই এর বিপরীত চিত্র। মেঝেতে গর্ত, দেয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়ার উপক্রম। উদ্বোধনের দুই বছরের মাথায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বান্দরবান জেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে উপজেলা শিক্ষা বিভাগ ভবনগুলো এখনো এলজিইডির কাছ থেকে বুঝে নেয়নি।

নাইক্ষ্যংছড়িউপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, কাজের মান খারাপ হওয়ায় বিদ্যালয়ের ভবনগুলো গ্রহণও করা যাচ্ছে না। আবার পুরোনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ত্রুটিপূর্ণ কয়েকটি নতুন ভবনে শ্রেণির কার্যক্রমও চালাতে হচ্ছে। এসব ভবন তাই এখন গলার কাঁটা।

এ নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা কমিটি তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলার হেডম্যানপাড়া, রেজু বৈদ্যপাড়া, রেজু মগপাড়া, ক্রোক্ষ্যংপাড়া, উক্যজাই হেডম্যানপাড়া, গয়ালমারা চাকধালা, থুইহ্লা অংপাড়া, মুইঅংপাড়া ও আলীমিয়াপাড়ায় নবনির্মিত নয়টি বিদ্যালয় ভবন নির্মাণকাজের মান খারাপ হয়েছে। একতলা বিদ্যালয় ভবনগুলোতে তিনটি করে শ্রেণিকক্ষ আছে।

সম্প্রতি চাক হেডম্যানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনটির বাইরে রং করা হয়েছে। কিন্তু ভেতরের মেঝেতে গর্ত, দেয়ালে বড় বড় ফাটল। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন জানিয়েছেন, একটু ধাক্কা লাগলেই মেঝে ও দেয়ালের আস্তর খসে যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩) কর্তৃপক্ষ ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বিদ্যালয় ভবনগুলো নির্মাণে দরপত্র আহ্বান করে। প্রতিটি বিদ্যালয়ের ব্যয় ধরা হয় ৪৩ থেকে ৪৫ লাখ টাকা। ২০১৪ সালে নির্মাণকাজ শেষ হওয়া বিদ্যালয়গুলো ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উদ্বোধন করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে বিদ্যালয় ভবনগুলো নির্মাণের অভিযোগ আছে। তদন্তেও এর প্রমাণ পাওয়া গেছে। তবে পুরোনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ত্রুটিপূর্ণ নতুন কোনো কোনো ভবনে শ্রেণির কার্যক্রম চালানো হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন বড়ুয়া বলেন, বিদ্যালয় ভবনগুলোর ত্রুটি সারিয়ে হস্তান্তরের জন্য এলজিইডিকে বলা হয়েছে। কিন্তু এলজিইডি এখনো কোনো কাজ করেনি।

বান্দরবানের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু তালেব বলেছেন, নির্মাণে ত্রুটি থাকলে দ্রুত কাজ করে দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি কাজ করেছেন কি না, এখন সর্বশেষ তথ্য তাঁর কাছে নেই।

এলজিইডির নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, বিদ্যালয়ের ভবনগুলোতে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো দ্রুত ঠিক করে দেওয়ার জন্য ঠিকাদারদের বলা হয়েছে।