কিশোরগঞ্জের অষ্টগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বাইরে বিক্রি করার দায়ে গতকাল সোমবার এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন শেরপুর সদর উপজেলায় চাল কম দেওয়ার অপরাধে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অষ্টগ্রামে দণ্ড পাওয়া ডিলারের নাম নুর মিয়া। তাঁর বাড়ি বড় বাজার এলাকায়। শেরপুরে দণ্ডিত ডিলার হলেন মো. জাহাঙ্গীর আলম। তিনি বামনেরচর গ্রামের বাসিন্দা।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, নুর মিয়াকে সদর ইউনিয়নের বড় বাজার এলাকায় হতদরিদ্র ব্যক্তিদের জন্য ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ডিলার নিয়োগ করা হয়। তাঁর বিরুদ্ধে এ চাল বাইরে বিক্রির অভিযোগ পাওয়া যায়। রোববার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদকে সঙ্গে নিয়ে ইউএনও আবু তাহের সায়িদ ডিলার নুর মিয়ার গুদামে যান। সেখানে পাঁচ বস্তা চাল কম পাওয়া যায়।
ইউএনও বলেন, ‘ওই ডিলার পাঁচ বস্তা চালের হিসাব দিতে পারেননি। এ কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি টাকা পরিশোধ করেছেন।’
ডিলার নুর মিয়া বলেন, ‘হিসাবে গরমিল থাকলেও বাজারে অনৈতিকভাবে চাল বিক্রি করিনি। কীভাবে বস্তা কম হলো, বুঝতে পারছি না।’
শেরপুর সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল দুপুরে চরশেরপুর ইউনিয়নের বামনেরচর গ্রামে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির সময় ডিলার জাহাঙ্গীর আলম ওজনে কম দিচ্ছিলেন। বিষয়টি ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ হাবিবুর রহমান হাতেনাতে ধরে ফেলেন। পরে নির্বাহী হাকিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে ডিলার জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান দুই ডিলারকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।