বাইরে ভোটারের দীর্ঘ সারি ভেতরে ব্যালট ভর্তি বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নের পারভেলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা l প্রথম আলো
সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নের পারভেলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা l প্রথম আলো

সাতসকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল নারী–পুরুষ ভোটারের দীর্ঘ সারি। ছিল উৎসবের আমেজ। ভোর থেকেই ভোটারের স্রোত ছিল ভোটকেন্দ্রের দিকে। কিন্তু সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে কেন্দ্রের দৃশ্যপট। ভোর থেকে অপেক্ষায় থাকা শত শত ভোটার আর ভোট দেওয়ার সুযোগ পাননি।
কোথাও আগে থেকেই ভরা ছিল ব্যালট বাক্স। কোথাও হয়েছে ব্যালট পেপার ছিনতাই। ভোট দিতে না পেরে ভোটাররা ছিলেন ক্ষুব্ধ।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা বহুমুখী উচ্চবিদ্যালয়, জোড়গাছা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র, পার ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সার্বিক চিত্র ছিল এমনটাই। একই চিত্র মিলেছে কামালপুর, কুতুবপুর, হাটশেরপুর ও ফুলবাড়ি ইউনিয়নের আরও অন্তত আটটি ভোট কেন্দ্র ঘুরে। হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল উচ্চবিদ্যালয় কেন্দ্র সকাল থেকেই দখলে নেয় ক্ষমতাসীন দলের লোকজন। প্রথমে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় তারা। এতে একটি কক্ষে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হলেও দফায় দফায় চলে কেন্দ্র দখল করে সিল মারার উৎসব। এরপর থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ভোটাররা আর ভোট দিতে পারেননি। তবে বেলা সাড়ে তিনটায় প্রিসাইডিং কর্মকর্তা শাহিন মিয়া বলেন, একটি কক্ষে ১০০ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রে ভোট পড়েছে ৯৫ শতাংশ।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট শেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট চলাকালে নিজ বলাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ শুরু হলে ভোটাররা দৌড়ে পালান l ছবি: প্রথম আলো
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট শেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট চলাকালে নিজ বলাইল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ শুরু হলে ভোটাররা দৌড়ে পালান l ছবি: প্রথম আলো

ভেলাবাড়ি ইউপিতে ধানের শীষের প্রার্থী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুল হায়দার বিকেলে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ছিল। কিন্তু এভাবে ভোট ডাকাতি হবে এটা ধারণায় ছিল না। ভোর হতে না হতেই ভোট দিতে কেন্দ্রে গেছেন ভোটাররা। কিন্তু ভোট দিতে না পেরে ফিরে এসেছেন। কিন্তু ব্যালট দিয়ে বাক্স ভরা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোট কাটার উৎসব চলেছে। ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমার ইউনিয়নে তিনটি কেন্দ্রে হামলা চালিয়ে আওয়ামী লীগের লোকজন ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল মেরেছেন। প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি।’
সকাল সাড়ে নয়টার দিকে জোড়গাছা বহুমুখী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, মাঠের পাশেই নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। জোড়গাছার রিনা বেগম (৩২) বলেন, সকাল ছয়টা থেকে ভোটের জন্য লাইনে দাঁড়িয়েছি। সাড়ে তিন ঘণ্টায় এক কদম এগোয়নি, যেখানে দাঁড়িয়েছিলাম, সেখানেই আছি। হুইলচেয়ারে বসে ভোট দিতে আসা অসুস্থ ইজাতুন নেছা (৬৫) বলেন, ‘ম্যালাবার ভোট দিচি। ইংকা কষ্ট করিনি।’
সকাল পৌনে দশটায় ৪ নম্বর বুথে গিয়ে দেখা গেল, কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মালেক ও প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউর রহমান দুজনই মুঠোফোনে কথা বলায় ব্যস্ত। কক্ষে কোনো ভোটার নেই। ব্যালট বাক্স প্রায় ভরা। জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত ৬৫ ভোট পড়েছে। বাক্স ভরা মনে হলেও ব্যালট ততটা নেই। ধানের শীষের এজেন্ট আফরোজা বেগম বলেন, ‘নৌকার কর্মীরা জানালা দিয়ে স্লোগান দিচ্ছেন, কক্ষে থেকে আমাকে বের হয়ে যেতে বলছেন।’
অভিন্ন চিত্র পুরুষ বুথেও। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছেন ভোটাররা। ভোট কক্ষ ভোটারশূন্য। দুটি বাক্স প্রায় ভরা। প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রতিটি বাক্সে গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ ব্যালট ধরে। এখন পর্যন্ত গড়ে ৬০ থেকে ৭০ ভাগ ভোট বাক্সে পড়েছে। তাতে বাক্স ভরার কথা নয়।
এদিকে বেলা দুইটার দিকে নৌকা মার্কার সমর্থকেরা এই কেন্দ্রে হামলা চালিয়ে বিভিন্ন বুথে ঢুকে গণহারে ব্যালটে সিল মেরেছেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
সকাল সাড়ে ১০টায় পার ভেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়েও একই চিত্র দেখা গেছে।
একটি কক্ষে এজেন্ট ছাড়াও বেশ কিছু লোকজন। দুটি বাক্স ব্যালটে ভরা। ভোটকক্ষের কর্মকর্তা তাসলিমা বেগম ও রুহুল আমিন বলেন, তাঁদের কক্ষে তখন পর্যন্ত যথাক্রমে ৪০ ও ৬০ ভোট পড়েছে।