বাইরে ভোটের আমেজ, ভেতরে ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার বেলা ১১টা। রাজশাহীর পবা উপজেলা পরিষদের প্রধান ফটক। ফটকের উল্টো দিকে শ দুয়েক মানুষ। চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন আর জটলা পাকাচ্ছেন। ফটকে ও এর আশপাশে দায়িত্ব পালন করছেন প্রায় অর্ধশত পুলিশ সদস্য। ফটক পেরিয়ে ভেতরে দায়িত্বরত আরও অর্ধশত পুলিশ সদস্য। একটু এগোলে পড়বে ভোটগ্রহণ কক্ষ। সেখানে ফাঁকা পড়ে আছে ভোটারদের লাইন। এই কেন্দ্রে ভোটার ছিলেন ৬৭ জন।
প্রথমবারের মতো রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলো ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। জনপ্রতিনিধিদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের এই ভোটের যত আমেজ ছিল শুধু ভোটকেন্দ্রগুলোর বাইরেই। ভেতরে ছিল ফাঁকা, লোকালয়গুলোতে ছিল না ভোটের তেমন আমেজ। দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিল সাধারণ মানুষ। জেলার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়ে মুখর ছিল কেন্দ্রগুলো।
পবা উপজেলা পরিষদ কেন্দ্রে কথা হলো রাজশাহী সাধারণ ওয়ার্ড ৫-এর সদস্য প্রার্থী আবদুল মান্নান ও রফিকুল ইসলামের সঙ্গে। তাঁরা দুজনই জানালেন, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। কোনো ধরনের সমস্যা নেই। সবাই ভোট দিচ্ছেন। জনপ্রতিনিধিরা যাঁকে যোগ্য মনে করে ভোট দেবেন, তিনিই জয়ী হবেন।
দুপুর ১২টার দিকে পবার হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৪০০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না পুলিশ সদস্যরা। কেন্দ্রের সামনে দুই শতাধিক লোকের জটলা। বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিরা ভোট দিতে আসছেন। তাঁদের স্বাগত জানাতে এগিয়ে যাচ্ছেন সদস্য প্রার্থীরা। কুশলবিনিময় করছেন, ভোট চাইছেন। সেখানে সংরক্ষিত ওয়ার্ড ২-এর প্রার্থী শিউলি রানী সাহা বলেন, সুন্দর ভোট হচ্ছে। ১২টার মধ্যেই বেশির ভাগ ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রের বাইরে কথা হলো বড়গাছী ইউনিয়ন থেকে আসা জাহাঙ্গীর আলমের (৫২) সঙ্গে। তিনি বলেন, ‘এলাকার মেম্বার ভোট দিতে আসছেন। শখ করে তাঁর সঙ্গে আসছি ভোট দেখতে।’
বেলা একটার দিকে মোহনপুর উপজেলা পরিষদ কেন্দ্রে গেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, এই কেন্দ্রে ৮১টি ভোট ছিল। বেলা দুপুর একটার আগেই সবাই ভোট দিয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের কলেজিয়েট স্কুল কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রধান ফটক ও আশপাশ পোস্টারে ছেয়ে গেছে। ফটকের বাইরে কয়েক শ উৎসুক মানুষ। দু-একজন করে জনপ্রতিনিধি আসছেন, আর ভোট দিয়ে চলে যাচ্ছেন।
বিভিন্ন কেন্দ্র ঘুরে আরও দেখা গেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিরা দল বেঁধে এসে ভোট দিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে পবা উপজেলা পরিষদ কেন্দ্রের ফটক দিয়ে একটি মাইক্রোবাস ঢোকার চেষ্টা করে। দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটাকে থামিয়ে দিয়ে পরিচয় জানতে চাইলেন। তখন ভেতর থেকে বের হয়ে এলেন পবার দামকুড়া ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। পরে সবাই মিলে হেঁটে প্রবেশ করলেন ভোটকেন্দ্রে। তাঁরা সবাই একসঙ্গে ভোট দিতে এসেছেন।