বাইরে লাইন, ভেতরে গণসিল
দুপুর প্রায় ১২টা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ যোবায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বুথের সামনে নারী-পুরুষ ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য।
ভোটারদের ভিড় ঠেলে কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সাত-আটজন সমর্থক ঘিরে রেখেছেন সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের। কর্মকর্তারা ব্যালট ছিঁড়ে দিচ্ছেন, আর প্রার্থীর সমর্থকেরা সিল মেরে তা বাক্সে ভরছেন।
পাশের কক্ষগুলোতেও এভাবে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য দেখা যায়। পাশাপাশি তিনটি কক্ষের মাঝখানের কক্ষটিতে বসে থাকতে দেখা যায় প্রিসাইডিং কর্মকর্তা মো. নুর নবী চৌধুরীকে। প্রার্থীর সমর্থকদের ব্যালট নিয়ে সিল মারার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি বিষয়টি দেখছি।’ এরপর আরও কমপক্ষে ১০ মিনিট ওই কেন্দ্রে অবস্থান করেও প্রিসাইডিং কর্মকর্তাকে দখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন আবুল কালাম নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোটের নামে এসব তামাশার দরকার কী? অনেক দূরের চর থেকে ভোট দিতে এসেছি। কিন্তু ভোটের কক্ষেই ঢুকতে দেওয়া হয়নি।’
কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা কী করব। প্রতিবাদ করে কী মার খাব নাকি?’
বিকেলে মুঠোফোনে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, কেন্দ্রের চার হাজার ১০০ ভোটের মধ্যে তিন হাজার ২৯৫টি ভোট পড়েছে।
ভোটকেন্দ্র দখলের চিত্র দেখা যায়, পূর্ব চরবাটা হাজি বাড়ি ছমিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসেরহাট উচ্চবিদ্যালয় ও আবদুল্লা মিয়ারহাট জুনিয়র স্কুল ভোটকেন্দ্রেও।
এর আগে সকালে খাসেরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে ব্যালট ছিনিয়ে সিল মারাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময় ভোট গ্রহণ বিঘ্নিত হয় বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউর রহমান। তবে তাঁর দাবি, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট নিয়ে সিল মারার বিষয়ে তিনি কিছু জানেন না।
বেলা আড়াইটায় চরজব্বার ইউনিয়নের আবদুল্লা মিয়ারহাট জুনিয়র হাইস্কুল কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রিসাইডিং কর্মকর্তা ও একটি কক্ষের সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তাকে। কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, পোলিং বুথে কর্মকর্তাদের কেউই নেই। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করছেন।
এ ছাড়া অন্য বুথগুলোতে কর্মকর্তাদের সামনেই চলেছে একই কাণ্ড। এ সময় ছবি তুলতে বাধা দেন দখলকারীরা। পরে প্রিসাইডিং কর্মকর্তা তনয় তালুকদারকে বাইরে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভাই আমাদের কিছুই করার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখনো কেউ আসেনি।’
এ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী এ বি এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিতে শুরু করেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা। এ ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা ছিল সম্পূর্ণ নীরব। তিনি অভিযোগ করেন, বেলা ১১টায় ২৫টি এবং একটায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্রই দখল করে নিজের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা।
এ বি এম জাকারিয়া ৪৯টি ভোটকেন্দ্রের ভোট স্থগিতের আবেদন জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্য এক ব্যক্তি ফোন ধরেন। আর চেষ্টা করেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান দাবি করেন, সব কটি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। বিএনপি-সমর্থিত প্রার্থী ভোট স্থগিতের বিষয়ে একাধিক অভিযোগ করেছেন। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।