বাইরে শান্তিপূর্ণ, ভেতরে জাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টা। ভোটকেন্দ্রের মাঠে দীর্ঘ লাইন। সারিবদ্ধ দাঁড়ানো ভোটাররা এক এক করে কক্ষে প্রবেশ করছেন। পোলিং কর্মকর্তা ব্যালট ছিঁড়ে ভোটারের হাতে দিচ্ছেন। এরপর ব্যালট পেপারটি টেবিলের ওপর রেখে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন ভোটার। পাশে দাঁড়ানো নৌকা মার্কার পোলিং এজেন্ট ব্যালটটি হাতে নিয়ে নিজেই বাক্সে ভরে দিচ্ছেন। পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজকেন্দ্রের চিত্র এটি।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজকেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলামের কোনো এজেন্ট পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্ট না থাকায় কোনো রকমের বাধা ছাড়াই প্রকাশ্যে ভোট দিয়ে যাচ্ছেন ভোটাররা।
এ সময় নৌকা প্রতীকের এজেন্ট মজিবর রহমানকে প্রকাশ্যে আসিয়া বেগম নামের এক ভোটারকে জোর করে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করতে দেখা গেছে। এ প্রতিবেদক উপস্থিত হলে আসিয়া বেগম তাঁর কাছে জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ করেন। জানতে চাইলে মজিবর রহমান বলেন, আসিয়া বেগম বয়স্ক হওয়ায় তিনি ভোট দিতে সাহায্য করেছেন। খবর পেয়ে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রাশেদ আলম সেখানে উপস্থিত হয়ে মজিবরকে সর্তক করে দেন। সাংবাদিকেরা চলে গেলে আবার ভোটারদের প্রকাশ্যে ভোটদানে বাধ্য করা হয়। সকাল ১০টার দিকে সেখানে যান বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম। তাঁর সামনেই প্রকাশ্যে চলে ভোট নেওয়া। এ সময় শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। মহসিন মিলু নামের এক এজেন্ট জোর করে ভোটকেন্দ্রে প্রবেশ করতে চাইলে তাঁকে মারধর করা হয়। এরপর আর কোনো এজেন্ট এ কেন্দ্রে ঢুকতে সাহস করেননি।’
বেলা পৌনে ১১টা। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রের বাইরে নির্বাহী হাকিমের নেতৃত্বে বিজিবির ভ্রাম্যমাণ দল। ভোটকেন্দ্রের মধ্যে কয়েকজন ভোটার অভিযোগ করেন, তাঁদের জোর করে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। ওই কেন্দ্রে সকাল নয়টায় ভোট গ্রহণের এক ঘণ্টার মধ্যে ৪৩৪ ভোট ও ১০টার মধ্যে ৭৯৯ ভোট পড়ে। বেলা ১১টার পর কেন্দ্রে কোনো ভোটার ছিলেন না। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ওই কেন্দ্রে চারবার ঘুরে ভোটারের কোনো লাইন দেখা যায়নি। তবে বেলা তিনটার মধ্যে ১ হাজার ৪০৩ ভোট (৭২ শতাংশ) পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা জানান। ওই কেন্দ্রে মোট ভোটার ১৯৪১ জন।
দুপুর ১২টার মধ্যে পৌরসভার নয়টি কেন্দ্রের সব কটি কেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টরা উধাও। এরপর শুরু হয় জাল ভোট দেওয়া। তবে সবকিছুই হচ্ছিল শান্তিপূর্ণ পরিবেশে।
বেলা সোয়া দুইটার দিকে বিএনপির মেয়র প্রার্থী মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচন দাবি করেন। এর আগে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট গ্রহণে অনিয়মের লিখিত অভিযোগ করে একই দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, সকাল ১০টার পর থেকে তাঁর (শফিকুল) এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে জাল ভোট দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে বিএনপির সমর্থকদের প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়।
শহীদ স্মৃতি ডিগ্রি কলেজকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রাশেদ আলম বলেন, প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তা বন্ধ করে বুথের মধ্যে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।