বাইরে সশস্ত্র পাহারা, ঘরে স্ত্রীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার বাড়ি থেকে ইজিবাইক (ব্যাটারিচালিত) কিনে এনে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে অচেতন করে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তাঁর এক ভাইয়ের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে সিলেট শহরতলির বিমানবন্দর থানা এলাকার বাছাটিলা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশের সহযোগিতায় অবচেতন অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় ও কপালে ছয়টি সেলাই দিতে হয়েছে৷ নির্যাতিত ওই নারী (২৮) হচ্ছেন সিলেটে প্রথম আলোর অদম্য মেধাবীর বৃত্তি নিয়ে বেসরকারি মহিলা মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর বড় বোন।
ঘটনা সম্পর্কে পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পরপর সিলেট সদর উপজেলার বাছাটিলা গ্রামের বাবুল আহমদ তাঁর স্ত্রীকে মারধর করেন। বাবুল তাঁর স্ত্রীর বাবার কাছে একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনে দেওয়ার বায়না ধরেছিলেন। আর্থিক দুরবস্থার কারণে ইজিবাইকে কিনে না দেওয়ায় বাবুল ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রীকে মারধর করেন।
রাত ১০টার দিকে বাবুল আহমদ এক দফা স্ত্রীকে পেটান। পরে তাঁর সঙ্গে খালাতো ভাই আবদুল বারিকও যোগ দেন। ঘরে স্ত্রীকে মারধরের সময় বাইরে তাঁদের পক্ষে আরেক দল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছিল। ঘর থেকে বাইরে এমন অবস্থা দেখে আহত অবস্থায় বাবুলের স্ত্রী দৌড়ে পাশের একটি ঘরে আশ্রয় নিয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে বিমানবন্দর থানার একদল পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় রাত ১২টার দিকে আহত অবস্থায় বাবুলের স্ত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করায়।
আহত ওই নারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, বেধড়ক মারধরে তাঁর মাথা ফেটে গেছে। সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর দুই কান, মুখমণ্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
স্বামীর সঙ্গে তাঁর খালাতো ভাইও নির্যাতন করার কারণ সম্পর্কে ওই নারী জানান, তাঁর বিয়ের কাবিনে পাওয়া ১৩ শতক জায়গা নিতে আবদুল বারিকও স্বামীর সঙ্গে তাঁর ওপর হামলা চালান। দীর্ঘদিন ধরেই নানা কূটকৌশলে তাঁরা জায়গা কেড়ে নেওয়ার চেষ্টা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় তিনি ১০টি সাধারণ ডায়েরি করেও প্রতিকার পাচ্ছেন না। মঙ্গলবার স্বামী বাবুল ইজিবাইকের জন্য চড়াও হলে বারিক সেই ক্ষোভ থেকে মারধরে অংশ নেন।
যোগাযোগ করলে বাবুল আহমদের দাবি—তিনি মারধর করেননি। তাহলে কারা মারল তাঁকে? এ প্রশ্নে বাবুল বলেন, ‘সে (শারমিন) নিজেই নিজেকে মেরে হাসপাতালে ভর্তি হয়েছে।’ অভিযুক্ত আবদুল বারিক অবশ্য নিজে মারধর করেননি জানিয়ে বলেন, ‘আমি মারিনি, বাবুলই তাঁকে মেরেছে।’
মারধরের ঘটনায় মহানগর পুলিশের বিমানবন্দর থানায় তাঁর পরিবারের সদস্যরা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নির্যাতিত নারীর পরিবারের সদস্যরা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেই তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’