বাইরে সুন্দর ভেতরে কিছুই নেই
বান্দরবানের লামা ত্রিশডেবাপাড়ার রামথুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাইরে থেকে দেখতে অত্যন্ত মনোরম। কিন্তু ভেতরে কিছুই নেই। আসবাবপত্র না থাকায় ছাত্রছাত্রীরা মেঝেতে (ফ্লোর) বসে পড়াশোনা করে আর শিক্ষকেরা দাঁড়িয়ে শিক্ষা দেন বলে শিক্ষক ও পাড়াবাসী জানিয়েছেন।
তিন বছর আগে নতুন বিদ্যালয় ভবন হয়েছে। কিন্তু কত বছর ধরে বিদ্যালয়টি বেঞ্চ, চেয়ার-টেবিলসহ কোনো আসববাপত্র ছাড়া চলছে শিক্ষকেরাও জানাতে পারেননি। বিদ্যালয়ে উপস্থিত পাওয়া একমাত্র শিক্ষক আপ্রুমং মার্মা জানান, তিনি আলীকদম থেকে বদলি হয়েছেন চার বছর হয়েছে। তখন থেকে বিদ্যালয়ে কোনো আসবাবপত্র দেখেননি।
গতকাল শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংচিং মার্মা জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি) তৃতীয় পর্যায়ের আওতায় ২০১১-১২ অর্থবছরে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। এর আগে বিদ্যালয়ের কোনো অবকাঠামো ছিল না। নির্মাণ প্রকল্পের সঙ্গে বিদ্যালয়ে বেঞ্চ, চেয়ার-টেবিল, দাপ্তরিক কাজের আলমারিসহ সব ধরনের আসবাবপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু তিন বছর ধরে এখনো কোনো কিছু দেওয়া হয়নি। বিদ্যালয়ের ভবনটিতেও বর্ষাকালে ছাদ থেকে চুইয়ে পানি পড়ে বলে তিনি অভিযোগ করেন।
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৩০-৩৫ জন ছাত্রছাত্রী বিদ্যালয়ের একটি কক্ষের মেঝেতে বসে পড়াশোনা করছে। বাইরে কার্তিক মাসের তপ্ত রোদ থাকায় তারা ভাপসা গরমে তারা ছটপট করছে। বিদ্যালয়ের কর্মঘণ্টা বিকেল সাড়ে চারটা হলেও শিক্ষক আপ্রুমং মার্মা জানালেন, তিনি প্রাইভেট পড়াচ্ছেন।
বিদ্যালয় চলাকালীন সময়ে সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর ব্যাপারে জানতে চাইলে আপ্রুমং বলেছেন, তারা সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত পাঠদান করেন। হাজিরা খাতায় দেখা যায়, প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক কয়েক দিন ধরে অনুপস্থিত।
পাড়ার মেগ্যউ মার্মা, ক্যমং মার্মা বলেন, ওই দুই শিক্ষক মাঝেমধ্যে বিদ্যালয়ে যাওয়া-আসা করেন।
লামা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার উদ্দিন বলেন, রামথুইপাড়া বিদ্যালয় আগে খোলাও হতো না। এখন একজন শিক্ষক থাকেন এবং তিনি নিয়মিত বিদ্যালয় চালানোর চেষ্টা করেন। অন্য শিক্ষকেরা নিয়মিত যান কি না, খোঁজখবর নেওয়া হবে।
লামা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাকের হোসেন তিন বছরেও রামথুইপাড়া বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ না হওয়ার কথা স্বীকার করে বলেন, আসবাবপত্র পাঠানোর জন্য এখন ঠিকাদার ট্রাক ও রাস্তা মেরামত করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও কেন আসবাবপত্র দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৪৬ লাখ টাকার কাজের এখনো ছয় লাখ টাকা বিল দেওয়া হয়নি।