বাইরে সুশৃঙ্খল পরিবেশ ভেতরে প্রকাশ্যে সিল
ভোটকেন্দ্রের বাইরে সুশৃঙ্খল পরিবেশ, চোখে পড়ার মতো ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছিল ভোটারের দীর্ঘ সারি। কিন্তু ভেতরের চিত্র ছিল উল্টো। কোথাও ব্যালটে প্রকাশ্যে সিল মারার উৎসব চলেছে, কোথাও প্রার্থীর এজেন্টের সামনেই সিল মারতে হয়েছে ভোটারদের। ভোটারের বদলে প্রার্থীর এজেন্টরা গণহারে সিল মেরেছেন ব্যালটে।
গতকাল বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা, পাকুল্যা, মধুপুর ও সোনাতলা সদর ইউপির আটটি কেন্দ্র ঘুরে ছয়টি কেন্দ্রেই ‘প্রকাশ্যে সিল’ মারার উৎসব দেখা গেছে।
সকাল দশটা: জোড়গাছার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকাল থেকে লাইনে ছিলেন ভোটাররা। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি কেউ। পাঁচটি বুথে ধীরগতিতে চলছে ভোট গ্রহণ। একটি বুথে গোপন কক্ষে একসঙ্গে তিনজনকে দেখা গেল। একজনের সামনে অন্য দুজন ব্যালটে সিল মারছেন। পাশের ভোট কক্ষে হইচই-হট্টগোল। এখানে এজেন্টদের সামনেই নৌকায় সিল মারছেন ভোটাররা। প্রিসাইডিং কর্মকর্তা নুর আলম বলেন, ‘কেউ প্রকাশ্যে সিল মারছেন না এবং একাধিক ভোটার গোপন কক্ষে ঢুকছেন না। গতিও ঠিক আছে। দুই ঘণ্টায় ৫০০ ভোট গ্রহণ করা হয়েছে।’
সকাল সাড়ে দশটা: চরপাড়া-বাবলাতলা বাঁধের পাশেই পাকুল্যা ইউপির আচারের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ওপরের একটি ভোট কক্ষে গিয়ে দেখা গেল, গোপন বুথে একসঙ্গে তিনজন। একজনের সামনেই অন্য দুজন ব্যালটে সিল মারছেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আতোয়ার হোসেন বলেন, গোপন কক্ষে একসঙ্গে একাধিক ভোটার না যেতে নিষেধ করা হচ্ছে। কেউ তা শুনছেন না। প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, সকাল সাড়ে দশটা পর্যন্ত ৫৬ শতাংশ ভোট গ্রহণ শেষ হয়েছে।
বেলা ১১টা: পাকুল্যার হুয়াকুয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল, বাইরে ভোটারের দীর্ঘ সারি। ২, ৩ ও ৪ নম্বর ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার হাত থেকে তিনটি ব্যালট নেওয়ার পর এজেন্টদের সামনেই চেয়ারম্যানের ব্যালটে ‘ঘোড়া’ প্রতীকে ভোট বুঝে নেওয়া হচ্ছে এখানে। কেন্দ্রজুড়ে দেখা মিলল না নৌকা ও ধানের শীষ প্রার্থীর কোনো এজেন্ট।
৪ নম্বর বুথে গিয়ে দেখা গেল, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনেই একজন ব্যালটে সিল মেরে বাক্সে ভরছেন। নিজেকে হাফিজার রহমান পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতোয়ার রহমানের (ঘোড়া মার্কা) এজেন্ট। হাফিজার রহমান বলেন, ‘একজন ভোটার সিল মারতে না পেরে আমার হাতে ব্যালট দিয়ে গেছেন। এ জন্য সিল মেরে বাক্সে ফেলেছি।’
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম বলেন, প্রকাশ্যে কোনো সিল মারার সুযোগ দেওয়া হচ্ছে না। ভোট দিতে না পেরে কেউ এজেন্টের হাতে ব্যালট দিতে পারেন।
দুপুর পৌনে ১২টা: হাটকরমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারের বদলে প্রার্থীর এজেন্টরা ব্যালটে গণহারে সিল মেরে বাক্সে ভরছেন। নারী ভোটারের বুথে একজন পুরুষ ব্যালটে সিল মেরে বাক্সে ভরছিলেন। সাংবাদিকেরা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একজন সদস্য ওই ব্যক্তিকে কক্ষের বাইরে ডেকে এনে পরিচয় জিজ্ঞাসা করেন। তিনি পুলিশকে পাল্টা প্রশ্ন করেন, পরিচয় কী খুব জরুরি?
দুপুর সোয়া ১২টা: মধুপুরের দড়িহাঁস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর ও ২ নম্বর কক্ষে গণহারে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারছিলেন আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার জৈনর এজেন্ট লিলি বেগম। লিলি বেগম বলেন, ‘অন্যের নয়, একটু আগে নিজের ভোটই দিয়েছি।’ কিন্তু তাঁর হাতে অমোচনীয় কালি ছিল না। এই কেন্দ্রে গোপন কক্ষে একসঙ্গে চারজনকে দেখা গেল।
প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। এখন পর্যন্ত ৮০ শতাংশ ভোট পড়েছে।