বাইরে সুশৃঙ্খল ভেতরে বিশৃঙ্খল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্রের কক্ষটির আয়তন ১৪ ফুট বাই ২০ ফুট। প্রবেশ ফটক একটি। বুথ বসানো হয়েছে দুটি। প্রতিটি বুথে ১৯ জন প্রার্থীর এজেন্ট ১৯ জন। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, দুজন পোলিং এজেন্ট, প্রার্থীর এজেন্টসহ একটি বুথের দায়িত্বে রয়েছেন মোট ২২ জন। আর প্রতি কক্ষে দুটি বুথ বসানোয় সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪ জনে।
ছোট একটি কক্ষে প্রায় অর্ধশত নির্বাচন পরিচালনাকারী ব্যক্তির উপস্থিতি ভোটারদেরই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে স্বাভাবিক ভোট গ্রহণ ব্যাহত হয়। এ চিত্রটি নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের।
ওই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে নারী ভোটারদের দীর্ঘ সারি। কেন্দ্রের দুই হাজার ৫৫৩টি ভোটের বিপরীতে বেলা তিনটায় ভোট পড়েছে এক হাজার ৩১০টি। ১ নম্বর বুথে গিয়ে দেখা গেছে, প্রার্থীদের এজেন্টরা এলোমেলোভাবে দাঁড়িয়ে কথা বলছেন। কেউ ভোটারদের বুথ পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করছেন। আবার কয়েকজন বাইরে ভোটের সারিতে গিয়ে ভোটারদের সঙ্গে আলাপ করছেন। ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে একই কারণে হ-য-ব-র-ল অবস্থা লক্ষ করা গেছে। তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কেন্দ্রের বাইরের পরিবেশ ছিল বেশ গোছানো। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। তবে অস্বস্তিকর ছিল কেন্দ্রের ভেতরের পরিবেশ।
বংশিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ছোট একটি কক্ষে দুটি বুথ বসানোয় সমস্যা হওয়ার কথা স্বীকার করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘একটি বুথ থাকলে এত সমস্যা হতো না। তবে কী আর করা। সমন্বয় করে নিতে হচ্ছে।’
যোশর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে পাঁচটি কক্ষে বুথ ছিল নয়টি। মোট ভোটার তিন হাজার ৮৫৪ জন। দুপুর ১২টায় ওই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোট পড়েছে এক হাজার ১০০টি। প্রতিটি কক্ষের সামনে ভোটারের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণ চলছিল কচ্ছপগতিতে। ২ নম্বর কক্ষের ৮২৮ নম্বর ভোটার সত্যরঞ্জন দাস ভোট দিয়ে এসে বলেন, ‘লাইন ঠেলে কক্ষে এসেছি। আবার কক্ষে এসে এজেন্টদের ধাক্কা খেয়ে ভোট দিতে হয়েছে। ভালো লাগেনি।’ ওই কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, ‘আমাদের কী করার আছে, বলুন।’ প্রিসাইডিং কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রার্থী বেশি হয়ে যাওয়ায় এবং সব এজেন্ট উপস্থিত থাকায় দেখতে খারাপ লাগছে।