হিউম্যান রাইটসের প্রতিবেদন সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত
বাইরের কেউ কিছু বললে অবশ্যই তা গুরুত্বপূর্ণ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, দক্ষিণ এশীয় অঞ্চলে আন্তবাণিজ্যে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাক। দেশগুলোর মধ্যে বাণিজ্যিক পথ চালু হলে সব দেশই উপকৃত হবে।গতকাল মঙ্গলবার ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকোড়া স্থলবন্দর পরিদর্শনের পর রাষ্ট্রদূত এ কথা বলেন।বৃহত্তর ময়মনসিংহে তিন দিনের সফরের অংশ হিসেবে বিকেলে ওই স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন করেন মজীনা। ওই এলাকায় সরকারের সীমান্ত হাট করার পরিকল্পনার কথা জেনে খুশি হন তিনি। এ সময় সীমান্তে বিজিবি-বিএসএফ সম্পর্ক, সীমান্ত সহিংসতা, মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন দিক তুলে ধরে ব্যাখ্যা করেন বিজিবির ২৭ ব্যাটালিয়ন ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ।এর আগে সকালে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের পাড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। তিনি উপাচার্য মো. রফিকুল হকসহ শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গোবরাকোড়া সীমান্ত ফাঁড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ড্যান ডব্লিউ মজীনা। মানবাধিকার-পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশ সরকারের প্রত্যাখ্যান বিষয়ে রাষ্ট্রদূত বলেন, অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বাইরের কেউ যখন কোনো কিছু বলে, তখন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। নিজের দিকে তাকালে অনেক কিছুই চোখে পড়ে না। অন্য কেউ দেখিয়ে দিলে তা সহজে বোঝা যায়। মজীনা বলেন, যুক্তরাষ্ট্রেও অনেক এনজিওসহ পররাষ্ট্র মন্ত্রণালয় নিজের ও বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, যা যেকোনো নাগরিক ওয়েবসাইটে দেখতে পারে। বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখে যুক্তরাষ্ট্র সরকার। তাই হিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদন বাংলাদেশ সরকারের জন্য সহায়ক বলে মনে করেন রাষ্ট্রদূত।