বাইশারীর দুর্গম এলাকায় ডাকাত আতঙ্ক
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর দুর্গম আদিবাসী ও বাঙালি পাড়াগুলোতে ডাকাত-আতঙ্কে আছেন স্থানীয় লোকজন। গত বুধবার রাতেও বাদুড়ঝিরিপাড়ায় গণডাকাতির শিকার হয়ে ১২টি চাক আদিবাসী পরিবার সর্বহারা হয়েছে বলে পুলিশ গতকাল বৃহস্পতিবার স্বীকার করেছে। আদিবাসী ও বাঙালিরা বলেছেন, গত ১৫ দিনে লংগদুঝিরি, সাপমারাঝিরি ও আশপাশের পাড়াগুলোতে চারবার ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৪০ থেকে ৪৫টি পরিবার সর্বহারা হয়েছে। মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দলটি যেকোনো সময় বাজারগামী লোকজনের ওপর এবং পাড়ায় হামলা চালাতে পারে—এই আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আতঙ্কিত লোকজন অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র আদিবাসী ও বাঙালি পাড়াগুলো উচ্ছেদ করে ভূমি দখলের জন্য ডাকাত দল লেলিয়ে দিয়েছে। এ চক্রের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনও জড়িত রয়েছেন বলে লোকজন জানিয়েছেন।তবে ফারুক হোসেন জোরালোভাবে অস্বীকার করে বলেছেন, একটি মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে। তিনি কোনো চক্রের সঙ্গে জড়িত নন এবং ওই এলাকায় তাঁর মাত্র ৮৫ একর বাগান রয়েছে।বাইশারীর বাসিন্দা ও জনসংহতি সমিতির ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক বলেছেন, দরিদ্র চাকপাড়ায় ডাকাতির উদ্দেশ্য টাকাপয়সা ও মূল্যবান কিছু পাওয়ার জন্য নয়। আতঙ্ক সৃষ্টি করে তাঁদের পাড়া থেকে উচ্ছেদ এবং ভূমি দখলের জন্য ভূমিদস্যু চক্র এ ঘটনা ঘটাচ্ছে। দুই বছর আগেও লংগদুঝিরি এলাকায় এভাবে একটি চাকপাড়া ভূমিদস্যুরা উচ্ছেদ করেছে বলে তিনি জানান। বাইশারী তদন্ত ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেছেন, এলাকাগুলো অত্যন্ত দুর্গম। এ জন্য তাঁদের পক্ষে তাৎক্ষণিকভাবে ডাকাত দলকে ধরা কঠিন। বিজিবি ও পুলিশের যৌথ অভিযান না হলে ডাকাত দলকে দমন করা সম্ভব নয় বলে তিনি জানান।