বাইসাইকেল পেল ৭৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর পৌরসভার মেয়রের উদ্যোগে গত শনিবার শহরের শামসুজ্জোহা পার্কে এক অনুষ্ঠানে ৭৫ জন দুস্থ-মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল ও সম্মাননা দেওয়া হয় l ছবি: প্রথম আলো
মেহেরপুর পৌরসভার মেয়রের উদ্যোগে গত শনিবার শহরের শামসুজ্জোহা পার্কে এক অনুষ্ঠানে ৭৫ জন দুস্থ-মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল ও সম্মাননা দেওয়া হয় l ছবি: প্রথম আলো

মেহেরপুরের ৭৫ জন দুস্থ-মেধাবী শিক্ষার্থী বাইসাইকেল পেয়েছে। সম্মাননা দেওয়া হয়েছে ৯০ জন কৃতী শিক্ষার্থীকে।
গত শনিবার মেহেরপুর পৌরসভার মেয়রের উদ্যোগে শহরের শামসুজ্জোহা পার্কে এক অনুষ্ঠানে এই বাইসাইকেল ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
বাইসাইকেল পেয়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার বলে, তার পক্ষে প্রতিদিন সাড়ে তিন কিলোমিটার পথ হেঁটে স্কুলে যাওয়া সম্ভব হতো না। এখন সে নিয়মিত স্কুলে যাবে।
শিক্ষার্থীদের সাইকেল দেওয়া প্রসঙ্গে মেয়র মোতাছিম বিল্লাহ বলেন, বরিশাল জেলা প্রশাসন ৩০ গরিব শিক্ষার্থীকে সাইকেল দিয়েছে—এমন খবর প্রথম আলোয় দেখে তিনি উদ্বুদ্ধ হন। ফোনে বরিশাল জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনিও প্রতিজ্ঞা করেন, একজন সরকারি কর্মকর্তা পারলে জনপ্রতিনিধি হয়ে তিনি কেন ভালো কাজ করতে পারবেন না। ফোন করে প্রবাসে বসবাসরত মেহেরপুরের বাসিন্দাদের কাছে অর্থ সহায়তা চান। তাতে সবাই সাড়া দেন। প্রায় নয় লাখ টাকা ব্যয়ে এই মহৎ কাজটি করা সম্ভব হয়েছে।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঁঝা জানান, গরিব মেধাবী অথচ বাড়ি দূরে—সরকারি ও বেসরকারি স্কুলের এমন ৪০ মেয়ে ও ৩৫ ছেলে শিক্ষার্থীকে বাইসাইকেল ও স্কুলব্যাগ দেওয়া হয়েছে। এ ছাড়া স্বর্ণপদক দেওয়া হয়েছে শহরের তিনজন কৃতী নারীকে। তাঁরা হলেন লুনা ফেরদৌস, সোনিয়া হাসান ও নূরানি ফেরদৌস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার হামিদুল আলম, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা।